গত বছরের ব্যবসাসফল অন্যতম সিনেমা ছিল ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান। আশাতীত ব্যবসা করার পাশাপাশি সিনেমাটি দর্শকও পছন্দ করেছিল। বলা চলে অতিমারী-পরবর্তী ২০২২ সালে বক্স অফিসের শুভ সূচনা হয়েছিল এ সিনেমার মাধ্যমে। বক্স অফিসে ভালো করার কারণে এর পরবর্তী পর্ব নিয়ে শুরু থেকেই ভেবেছে প্রডাকশন কোম্পানি ও পরিচালক নিজেও। ব্যাটম্যানের সিকুয়াল আসবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল সবারই। এবার পরিচালক নিজেই এটি নিশ্চিত করলেন।
কোলাইডারের সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাট রিভস জানান, তিনি ব্যাটম্যানের সিকুয়াল নিয়ে কাজ শুরু করেছেন। তিনি এও জানান যে একটি ব্যাটভার্স তৈরি করার পরিকল্পনা বা ইচ্ছে রয়েছে। তিনি বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে কাজ করছি। গভীর ও বিশদভাবেই গল্পটা বলার চেষ্টা থাকবে। আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করব। আমি ও আমার সহলেখক বর্তমানে গল্পটা সাজানোর কাজ করছি। যা করতে যাচ্ছি, তা নিয়ে এ মুহূর্তে খুবই উত্তেজনা বোধ করছি।’
রিভস কেবল এ সিনেমার কথাই নিশ্চিত করেননি, প্যাটিনসনই ব্যাটম্যান হয়ে ফিরছেন—এ বিষয়ও নিশ্চিত করেছেন। রিভস বলেন, ‘আমি রবার্টের সঙ্গে কাজ করার ক্ষেত্রে খুবই আগ্রহী, কেননা আমি মনে করি সে একজন খুবই ভালো মানুষ ও দক্ষ অভিনেতা।’ রিভসের এ কথা প্যাটিনসন নানা সময়ই প্রমাণ করেছেন। বিশেষত ‘ কেপড ক্রুসেডার’ চরিত্রটি তিনি যেভাবে দ্য ব্যাটম্যান সিনেমায় ধারণ করেছিলেন, তা অসাধারণ হয়েছে বলেই দর্শকের সঙ্গে সমালোচকরাও মনে করেন।
ব্যাটম্যান হিসেবে রবার্ট প্যাটিনসনের ফেরার খবরটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। কেননা ওয়ার্নার ব্রোস ও ডিসি স্টুডিও এরই মধ্যে হেনরি ক্যাভিলকে সুপারম্যান চরিত্র থেকে বাদ দিয়েছে। ফিরছেন না গাল গাদত। তবে দ্য ব্যাটম্যান ভালো ব্যবসা করায় প্যাটিনসনের থাকার ব্যাপারটি নিয়ে অনেকেরই আশা ছিল কিন্তু ভালো ব্যবসা করার পরও বাদ পড়ছেন ডোয়াইন জনসন। সেখান থেকে একটি শঙ্কা থেকেই যাচ্ছিল। ম্যাট রিভস নিশ্চিত করার পর দর্শকও হাঁফ ছেড়ে বাঁচলেন।
ডিসি একটি মাল্টিভার্স তৈরি করতে চায়, এমন কথা আগেও বলা হচ্ছিল। এবার ম্যাট রিভসের বক্তব্যও সে দিকটিকেই ইঙ্গিত করছে। তিনি এখন ব্যাটম্যানের নিজস্ব ইউনিভার্স তৈরিতে মন দিয়েছেন। সেক্ষেত্রে কেবল সিকুয়ালে থেমে থাকছেন না তিনি। এইচবিওর জন্য একটি মিনি সিরিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সিরিজটি ব্যাটম্যানের অন্যতম খলনায়ক পেঙ্গুইনকে কেন্দ্র করে নির্মিত হবে। কলিন ফ্যারেল অভিনয় করবেন সেখানে। রিভস বলেন, ‘আমরা দ্রুতই কলিনকে নিয়ে শুট করব। এর বাইরেও আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা যে ব্যাটভার্স তৈরি করতে যাচ্ছি, তার মধ্যে আগ্রহোদ্দীপক বহু উপাদান থাকবে। আমি বিষয়টি নিয়ে খুব আগ্রহের সঙ্গে কাজ করছি।
পুরো ব্যাপারটি নিয়ে জেমস গুন ও পিটার স্যাফ্রানের সঙ্গে কথা বলেছেন ম্যাট রিভস। ব্যাটম্যানের সিকুয়াল কিংবা পেঙ্গুইনকে নিয়ে নির্মিতব্য মিনি সিরিজটি কবে নাগাদ মুক্তি পেতে পারে, তা নিয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে ব্যাটম্যান ইউনিভার্স যে তৈরি হচ্ছে তাতে সন্দেহ নেই।
কোলাইডার অবলম্বনে মাহমুদুর রহমান










