অস্কারের পরেই আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রধান উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনে তারকাদের সমাবেশ ঘটে এ উৎসবে। প্রিয় তারকার পুরস্কার প্রাপ্তির প্রত্যাশা নিয়ে অপেক্ষায় থাকে চলচ্চিত্রের ভক্তরাও। সম্প্রতি বহুল প্রতীক্ষিত সে উৎসবের এবারের আসরের বিচারকদের নাম প্রকাশ করা হয়েছে। কানের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

উৎসবের প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক হিসেবে থাকবেন গ্রেটা গারউইগ। খুব বেশিদিন হয়নি, বারবি চলচ্চিত্রের মধ্য দিয়ে এ পরিচালক নিজেকে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে গেছেন। তার সঙ্গে অন্য বিচারকরা হলেন ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ চলচ্চিত্রের তারকা লিলি গ্ল্যাডস্টোন, ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ সিনেমার তারকা ইভা গ্রিন, ‘লুপিন’ সিনেমার তারকা ওমর সাই। থাকবেন ২০১৪ সালের পাম ডি’অর জয়ী ইবরু সেলান, ২০১৮ সালে কানের জুরি পুরস্কার জয়ী নির্মাতা নাদিন লাবাকি, অস্কারে সেরা ইন্টারন্যাশনাল ফিচারে মনোনয়ন পাওয়া ‘সোসাইটি অব দ্য স্নো’ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালিয়ান অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো এবং ২০১৮ সালে পাম ডি’অর জয়ী নির্মাতা কোরে-এডা হিরোকাজু।

চলতি আসরে লড়বে ২২টি চলচ্চিত্র। আগামী ১৪ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পর্দা উঠবে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের।

সূত্র: ভ্যারাইটি