এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত ও ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিনেমাটির প্রথম গান ‘লাগে উরাধুরা’ প্রকাশ করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসভিএফ ও চরকির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজসহ নায়ক-নায়িকাদের ফেসবুক পেজে একযোগে প্রকাশ হয় গানটি। এরই মধ্যে গানটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়।

ঢালিউড সুপার স্টার শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী পৌনে ৩ মিনিটের এ গানে নেচে-গেয়ে মাতিয়েছেন। গানটিতে আরো দেখা যায় সংগীত পরিচালক প্রীতম হাসান ও শেষ দৃশ্যে স্বয়ং পরিচালক রায়হান রাফিকে। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা।

গত ২৮ মে শাকিব খান তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেন। ১৯৯৯ সালে সোহানুর রহমান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এ দিনেই মুক্তি পেয়েছিল প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা। শাকিব খানের জন্য এটি বিশেষ স্মরণীয় দিন। এ দিনে শাকিব অভিনীত তুফান সিনেমার লাগে উরাধুরা গানটি প্রকাশ করে দিনটিকে আরো একবার স্মরণীয় করে রাখলেন সিনেমাসংশ্লিষ্টরা। 

নেট দুনিয়ার ব্যাপক সাড়া ফেলেছে সাকিব অভিনীত তুফান সিনেমার উরাধুরা গানটি। মুক্তির পর থেকেই দেশ-বিদেশের কয়েকশ ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর মেতে ওঠেন গানটি নিয়ে। তাক লাগানোর মতো উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশ-বিদেশের ইউটিউবাররা। যারা মূলত হিন্দি বা দক্ষিণী সিনেমা, সিরিজের রিভিউ করেন, এমন অনেক ইউটিউবারের প্রশংসা পায় গানটি। তাদের বেশির ভাগই আগে শাকিব খানকে নিয়ে কোনো ভিডিও করেননি। অথচ তারাই এবার চমকে উঠেছেন গানটিতে শাকিব খানকে দেখে। 

জানা যায়, একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বইয়ের দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার কাহিনী। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মাণ হচ্ছে তুফান। সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ।