সম্প্রতি কলকাতা থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। কলকাতার সিনেমায় প্রথমবার অভিনয় করলেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। সিনেমার নাম ‘আজকের শর্টকাট’। সিনেমাটির প্রচারকাজেই মূলত পশ্চিমবঙ্গে ছিলেন তিনি।
প্রচারণা শেষে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। দেশে এসেই সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লালশাড়ি’
নিয়ে ব্যস্ত তিনি। লালশাড়ি সিনেমার মধ্য দিয়ে এবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন তিনি। পরিচালক বন্ধন বিশ্বাস নির্মাণ করবেন সিনেমাটি। এ নিয়ে অপু বিশ্বাস জানান, ‘এই মুহূর্তে “লালশাড়ি”
ছাড়া আপাতত আর কোনো ভাবনা নেই। বর্তমানে “লালশাড়ি”র শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে।’
লালশাড়ির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। এ সিনেমায় সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। এর আগে অপু বিশ্বাস অভিনীত অনেক সিনেমার সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নিজের প্রথম সরকারি অনুদানের সিনেমায় অপু বিশ্বাস নিজেও অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন গতকাল। অপু বিশ্বাস বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে সিনেমায় অভিনয় করে যাচ্ছি। একজন নায়িকা হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে অভিনয়ে নিজের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করার চেষ্টা করেছি। যেহেতু লালশাড়ির শুরু থেকেই আজ অবধি সবকিছুই আমার জানাশোনা। সে কারণে এ সিনেমার গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে আমিই অভিনয় করতে যাচ্ছি। একজন শিল্পী হিসেবে ভালো গল্পের ভালো চরিত্রে কাজ করার প্রবল স্পৃহা সবসময়ই থাকে। লালশাড়ির গল্পটা এত চমত্কার, যা দর্শককে মুগ্ধ করবে। এ সিনেমায় আমি যে চরিত্রটিতে অভিনয় করব সেটা এককথায় অসাধারণ। যে কারণে চরিত্রটির প্রেমে পড়েই আমি এতে অভিনয় করছি। এ চরিত্রের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। সেই প্রস্তুতিটা কেন নিচ্ছি তা আসলে সিনেমাটি মুক্তির পর দর্শক অনুভব করতে পারবেন। আমার পুরো টিমই আমাকে সহযোগিতা করছে। আশা করা যাচ্ছে নভেম্বর অথবা ডিসেম্বরে লালশাড়ির শুটিং শুরু হবে।’
অপু বিশ্বাস আরো জানান, ‘লালশাড়ি’
সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে পাশে আছে বিশ্বরঙ ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। অপু আরো বলেন, ‘বাংলাদেশের শাড়ির ইতিহাস ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে বিশ্বরঙ ও বিপ্লব সাহা দাদার ভূমিকা অনেক। বিপ্লব দাদা ভীষণ আন্তরিকতা নিয়েই লালশাড়ির পাশে আছেন। এ কারণে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’
অনুদান পাওয়ার পর সিনেমাটির গল্প প্রসঙ্গে অপু জানিয়েছিলেন, ‘বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে লালশাড়ি। এটি সিনেমায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তা-ই দেখানো হবে সিনেমায়।’
অন্যদিকে অপু বিশ্বাস অভিনীত ‘আজকের শর্টকাট’
সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল আর গল্প লিখেছেন প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা। বেকারত্বকে কেন্দ্র করেই অপুর ‘শর্টকাট’
সিনেমার গল্প। এ সিনেমায় অপু বিশ্বাস ছাড়াও দুটি মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তীকে। কলকাতার পাশাপাশি সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা জানিয়েছিলেন পরিচালক। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি এ দেশে মুক্তি দেয়ার কথা থাকলেও এখনো কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চুক্তির বিষয়ে জানা যায়নি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’। এ সিনেমায় অপুর নায়ক নিরব হোসেন। এরই মধ্যে সিনেমাটির প্রথম ঝলক পোস্টার প্রকাশিত হয়েছে। চা বাগানের শ্রমিক বেশে ছবির চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ছবি প্রকাশ হয়েছে। নায়ক-নায়িকার চা শ্রমিকের বেশ প্রশংসিত হয়েছে সামাজিক মাধ্যমে।
সোলায়মান হোসেন লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’
ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’। এ সিনেমাগুলোয়ও অপু বিশ্বাস গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি।










