বলিউডের প্রবীণ অভিনেত্রী ও প্রয়াত বলিউড অভিনেতা দিলীপ কুমারের সহধর্মিণী সায়রা বানু। প্রায়ই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে তার পেশাদার ও ব্যক্তিগত জীবনের নানা গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি এ অভিনেত্রী শাড়ির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আরো জানান, দিলীপ কুমারের মনোযোগ পেতে ‘মোগল-এ-আজম’ সিনেমার প্রিমিয়ারে শাড়ি পরে এসেছিলেন তিনি।
সায়রা বানু তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে শাড়িকে বিশ্বের সবচেয়ে সুন্দর পোশাক বলে অভিহিত করেছেন। সে পোস্টে সায়রা বেশ কয়েকটি শাড়ি পরা পুরনো ছবি শেয়ার করেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছোটবেলায় আমি অনেকটা টমবয় ছিলাম, তার পরও আমি আপাজিকে শাড়ি পরা অবস্থায় দেখে মুগ্ধ হয়েছিলাম। আমার বয়স যখন ১৩ বা ১৪ ছিল, তখন আপাজি কিছু উপহারসহ লন্ডনে চিঠি পাঠান, যেখানে তিনি একবার আমার অনুরোধে আমাকে একটি শাড়ি পাঠিয়েছিলেন। শাড়ি হলো বিশ্বের সবচেয়ে সুন্দর পোশাক, যা একজন নারীর নারীত্ব ও লাবণ্যের পাশাপাশি তার কর্মশক্তিকে তুলে ধরে।’
প্রথমবার শাড়ি পরার পর অনুভূতি সম্পর্কে সায়রা বানু আরো বলেন, ‘লাল পাড়ের সোনালি ও সাদা রঙের একটি বেনারসি শাড়ি আমি উপহার হিসেবে পেয়েছিলাম। সুলতান ভাই ও আম্মাজির সাহায্য নিয়ে আমি শাড়িটি পরেছিলাম। শাড়ি পরার সময় আমার খুব লজ্জা লাগছিল এবং সুলতান ভাই সে মুহূর্তের আমার একটি ছবি তুলে দেন। লুকটি সম্পূর্ণ করার জন্য আমি একটি লম্বা কানের দুল পরেছিলাম।’
দিলীপ কুমার-সায়রা বানু বলিউডের অন্যতম সফল জুটি। সায়রা বানু আরো জানান, বিয়ের আগে দিলীপ কুমারের মনোযোগ পেতে শাড়ি পরেছিলেন তিনি। এ কারণেই দিলীপ কুমার ও মধুবালা অভিনীত মোগল-এ-আজম সিনেমার প্রিমিয়ারে তিনি শাড়ি পরে গিয়েছিলেন। সায়রা বলেন, ‘আমরা মোগল-এ-আজমের প্রিমিয়ারে আমন্ত্রিত হয়েছিলাম এবং সে প্রিমিয়ারে পরার জন্য আমি মাকে সবচেয়ে চমৎকার শাড়িটি বের করে দেয়ার জন্য জোর দিই। আমার ধারণা ছিল সাহেব আমাকে লক্ষ করবেন। আমার পরা শাড়িটি এতই ভারী ছিল যে আমি ভারসাম্য রাখতে পারছিলাম না। কিন্তু আমার মুখ, ত্বক ও লম্বা চুলকে সুন্দর দেখানোর সব প্রচেষ্টাই বৃথা গেল, কারণ সাহেব প্রিমিয়ার থেকে তড়িঘড়ি চলে গিয়েছিলেন।’
সেদিন না হলেও এরপর সায়রা বানু ঠিকই দিলীপ কুমারের মনোযোগ পেয়েছিলেন। ১৯৬৬ সালে দিলীপ কুমারের সঙ্গে তার বিয়ে হয়। এরপর নানা সময় দিলীপ কুমারই সায়রা বানুকে শাড়ি পছন্দ করে দিতেন বা কোন ধরনের শাড়িতে সায়রাকে মানাবে তা বলে দিতেন। সায়রা নিজেই এ কথা উল্লেখ করেছেন।
সূত্র: মিড ডে










