মার্টিন স্করসেসি খুব শিগগির পরিকল্পনা করছেন ফ্রাঙ্ক সিনাত্রার বায়োপিক নির্মাণের। এর নাম ঠিক করেছেন ‘সিনাত্রা’। এর চিত্রগ্রহণ শুরু হবে ‘যিশুখ্রিস্ট’ সিনেমার শুটিং শেষ হলে। জাপানি লেখক শুসাকু এনদোর বইয়ের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে যিশুর জীবনীভিত্তিক সিনেমাটি। এদিকে সিনাত্রা একটি বায়োপিক। এর গল্প আমেরিকান শিল্পী ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রাকে ঘিরে। পর্দায় সিনাত্রার চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। আরো থাকছেন জেনিফার লরেন্স। যিনি আভা গার্ডনারের চরিত্রে অভিনয় করবেন। তবে ভ্যারাইটির সূত্রমতে, স্কোরসেসি এখনো সিনেমার সংগীত ও ছবির জন্য সিনাত্রার মেয়ে টিনার অনুমোদন পায়নি। 

স্করসেসি এর আগেও সিনাত্রাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছিলেন। যেখানে স্করসেসি ডিক্যাপ্রিওকেই প্রধান চরিত্রের জন্য বিবেচনা করেছেন বলে জানা যায়। স্করসেসি চলচ্চিত্রটির জন্য তার দৃষ্টিভঙ্গির রূপরেখাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা সিনাত্রার জীবনের সর্বশ্রষ্ঠ হিট গানগুলো নিয়ে কাজ করতে পারিনি। এরই মধ্যে আমরা এটি চেষ্টা করেছিলাম। তবে ব্যর্থ হয়েছি। তাই সিনাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম উপায় হলো তিন বা চারটি ভিন্ন বয়সী সিনাত্রাকে নিয়ে কাজ করা। কারণ ছোট, মধ্য ও বৃদ্ধ সময়ের অভিনয়ে ভিন্ন ভিন্ন সিনাত্রা থাকবেন।’

তবে সে সময় সিনাত্রার মেয়ে টিনা এসব বিষয় নিয়ে সন্তুষ্ট ছিলেন না, বিশেষ করে যেখানে একজন গায়কের জীবনের সঙ্গে অপরাধের সংযোগও চিত্রিত হবে। ফিল্ম পরিচালকের ইচ্ছা সিনেমাটি সুপারহিট হোক। পাশাপাশি তিনি চান সিনাত্রার জীবনের ভালো-মন্দ সব বিষয়ই ফুটিয়ে তুলতে। তবে এ বিষয়ে আপত্তি আছে সিনাত্রার মেয়ে টিনার। 

২০১৭ সালে স্করসেসি জানিয়েছিলেন, তিনি এ ধারণা থেকে সরে এসেছেন। কারণ সিনাত্রার পরিবার এ বিষয়ে সম্মত হবে না। তিনি বলেন, ‘কিছু জিনিস একটি পরিবারের জন্য খুব কঠিন এবং আমি এগুলো বুঝতে পারি। কিন্তু তারা যদি আমার কাছে সিনেমাটি তৈরির আশা করেন, তবে তারা কিছু বিষয় নিয়ে আপত্তি করতে পারেন না। সমস্যাটি হলো সিনাত্রা মানুষ হিসেবে এত বেশি জটিল ছিলেন, যা সবকিছুকে আরো বেশি জটিল করে তুলেছে।’ 

তবে এবার পরিচালক স্করসেসির ঘোষণা থেকে বলা যায়, অবশেষে সিনাত্রা তৈরি হবে এবং দর্শক পর্দায় বিংশ শতাব্দীর সেরা একজন কণ্ঠশিল্পীর জীবনের গল্প দেখতে পাবে। 

সূত্র ও ছবি: ভ্যারাইটি