অজয় দেবগন সম্ভবত তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট তানহাজি: দি আনসাং ওয়ারিয়র মুক্তি পায় এ বছর। ছবিটি ভারতের বক্সঅফিস থেকে আয় করে ২৭০ কোটি রুপি। প্রত্যেকটি ছবি দিয়ে অজয় যেন বলিউডে তার অবস্থান আরো শক্ত করছেন। দুদিন আগে তিনি তার পরিচালনায় নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম মে ডে। ছবিতে পরিচালনার পাশাপাশি তাকে একজন পাইলটের চরিত্রেও দেখা যাবে। এ ছবিতে থাকছেন অমিতাভ বচ্চনও।

মে ডের ঘোষণার রেশ কাটতে না কাটতেই বলিউড হাঙ্গামা অজয় দেবগনের নতুন আরেকটি বড় প্রকল্পের খবর সামনে এনেছে। অজয় সম্প্রতি অ্যামাজন প্রাইমের সঙ্গে পাঁচটি ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘অজয়ের সময় বেশ দারুণ কাটছে। বড় বড় কোম্পানি চুক্তির জন্য তার পেছন পেছন ছুটছে। এখন অ্যামাজানের সঙ্গে তার চুক্তি হয়েছে। এ চুক্তিতে ছবিপ্রতি তার পারিশ্রমিক বলিউডের জন্য সালমান খানের পরই। বলিউডের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক।’

অ্যামাজন অজয়ের সঙ্গে এমন একটা সময়ে চুক্তি করেছে, যখন ময়দান ছবির মাধ্যমে স্টার নেটওয়ার্কের সঙ্গে তার চুক্তির মেয়াদ প্রায় শেষ।

‘স্যাটেলাইট ফ্রন্টে স্টার নেটওয়ার্ক অজয় দেবগনের ছবিগুলো থেকে বেশ ভালো আয় করেছে। এর মাধ্যমে অজয়ের বাজারমূল্য বেশ লাফ দিয়ে বেড়ে গেছে। ডিজিটাল প্লাটফর্মে চুক্তির মাধ্যমে বড় বড় চ্যানেলের সঙ্গে অজয়ের স্যাটেলাইট চুক্তি এখন বাতিল হয়ে যাবে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে ডিজনি হটস্টারে লুথার নামের একটি ওয়েব-সিরিজ দিয়ে অজয় দেবগনের ডিজিটাল অভিষেক হতে যাচ্ছে। তবে এটি অ্যামাজনের সঙ্গে তার চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না। অ্যামাজনের সঙ্গে চুক্তির বাইরেও অজয়ের পকেটে থাকছে লুথার। এ ওয়েব সিরিজ সম্ভবত আগামী বছর মুক্তি পাবে। বোঝাই যাচ্ছে অজয় দেবগনের সুসময় দীর্ঘ হবে। অনেক ক্ষেত্রে মনে হচ্ছে তিন খানও অজয়ের সামনে ম্লান হতে শুরু করেছেন।

 

সূত্র: বলিউড হাঙ্গামা