আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ৩ মার্চ সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল আলোচিত এ সিনেমার কাউন্টডাউন। এর মুক্তিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আলাদা কৌতূহল ও প্রত্যাশা।

প্রকাশিত নতুন পোস্টারটিতে এক মায়াবী, রহস্যঘেরা ও নস্টালজিক পরিবেশ ফুটে উঠেছে। ধোঁয়াচ্ছন্ন আবহে নায়ক ও নায়িকাকে একে অন্যের হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের অভিব্যক্তিতে ধরা পড়েছে টান টান আবেগ ও অজানা রহস্যের ইঙ্গিত। পাশে নব্বইয়ের দশকের আদলে একটি ক্ল্যাসিক প্রাইভেট কার, যার উজ্জ্বল হেডলাইট অন্ধকার চিরে তৈরি করেছে নাটকীয় আবহ। আলো-ছায়ার এমন ব্যবহারে পোস্টারটিতে যোগ হয়েছে ভিজুয়াল গভীরতা ও সিনেমাটিক আবেদন।

পোস্টারের ওপরের অংশে বড় অক্ষরে ‘সিক্সটিন ডেজ টু গো’, অর্থাৎ ‘১৬ দিন বাকি’ লেখা দিয়ে সিনেমাটির মুক্তির চূড়ান্ত সময় গণনা শুরু করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই টিজার প্রকাশের ইঙ্গিত দিয়ে দর্শকের আগ্রহ আরো বাড়িয়ে তোলা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ধাপে ধাপে আরো চমক আসবে প্রচারণায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্থিরচিত্রে শাকিব খানকে নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে দেখা যায়। অগোছালো চুল, ঘন দাড়ি-গোঁফ ও কঠিন দৃষ্টির এক ভিন্ন লুকে তাকে উপস্থাপন করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। জানা গেছে, একজন সাধারণ মানুষ থেকে প্রতিকূল পরিস্থিতির চাপে কীভাবে তিনি ধীরে ধীরে দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হন, সে রূপান্তরের নাটকীয় ও রোমাঞ্চকর গল্পই উঠে আসবে এ সিনেমায়।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। নির্মাতা জানিয়েছেন, প্রতিটি চরিত্রই গল্পের বাঁকে বিশেষ ভূমিকা রাখবে।