ঢাকাই সিনেমায় খলনায়ক হিসেবে জনপ্রিয় মিশা সওদাগর। দেশের সিনেমায় দীর্ঘদিন ধরে খলনায়ক হিসেবে অভিনয় করছেন তিনি। অন্যদিকে ছোট পর্দার নিয়মিত মুখ দীপা খন্দকার সিনেমায়ও নাম লিখিয়েছেন। কয়েক বছর আগে মিশা সওদাগরের বিপরীতে দীপা খন্দকার অভিনয় করেছিলেন ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমায়। নতুন খবর হলো ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় দেখা যাবে তাদের।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় দুজন অভিনয় করেছেন।
দীপা খন্দকার জানান, মিশা সওদাগরের সঙ্গে তার অভিনয়ের অংশটুকুর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। চলতি মাসেই আবারো তিনি একই সিনেমার কাজ করবেন। দীপা খন্দকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মিশা সওদাগর বলেন, ‘দীপা নিঃসন্দেহে নাটকের জনপ্রিয় অভিনেত্রী। এখন সিনেমায়ও অভিনয় করছে দীপা। এর আগে আমরা একটি সিনেমায় অভিনয় করেছিলাম। ডার্ক ওয়ার্ল্ড আমাদের দ্বিতীয় সিনেমা। দীপা অভিনয়ে বেশ সাবলীল। শান্ত, চুপচাপ। নিজের কাজটুকু বুঝে নিয়ে ভালোভাবে করার চেষ্টা করে। এ সিনেমায় আমরা দুজন কাজটা যথেষ্ট আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’
এ নিয়ে জানতে চাইলে দীপা খন্দকার বলেন, ‘মিশা ভাই দেশের একজন প্রতিভাবান অভিনেতা। সিনেমায় তিনি ভীষণ জনপ্রিয়। তার অভিনয় আমার নিজেরও ভালো লাগে। একজন ভীষণ বিনয়ী মানুষ। অভিনয়ে খুব সহযোগিতা করেন। আর সহশিল্পী হিসেবে তার কাছ থেকে আমি সর্বোচ্চ সম্মানটুকুই পেয়েছি। আমি তার সঙ্গে কাজ করে সত্যিই মুগ্ধ।’
অন্যদিকে সম্প্রতি ওটিটি প্লাটফর্মেও নিয়মিত কাজ করছেন মিশা সওদাগর। সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে প্রশংসা পাচ্ছেন এ অভিনেতা। এলোমেলো চুল, ছেঁড়া পাঞ্জাবি আর শিকল পরা অবস্থায় মিশার দেখা মেলে ছবিতে। তবে ছবিটি সিনেমা নাকি ওয়েব সিরিজের লুক তা স্পষ্ট করেননি এ অভিনেতা।
দীপা খন্দকারের কাছে কাজের ব্যস্ততা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এরই মধ্যে তিনি গত তিনদিন সাজ্জাদ সুমনের পরিচালনায় দীপ্ত টিভিতে প্রচার চলতি ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিকের পাশাপাশি রুলিন রহমানের নতুন ধারাবাহিক ‘মায়ার বাঁধন’-এ কাজ করেছেন। অন্যদিকে দীপা এরই মধ্যে শেষ করেছেন সেলিনা হোসেনের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাকীটা ইতিহাস’-এর কাজ। এতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ।










