জনপ্রিয় এই প্লাটফর্মে প্রকাশিত সাপ্তাহিক তালিকা অনুযায়ী ২-৮ মার্চ সপ্তাহে ছবিটি প্রায় চার কোটি ভিউ পেয়ে সবচেয়ে বেশি দেখা সিনেমায় পরিণত হয়েছে।
নতুন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা অ্যালান রিচসন। পরিচালনা করেছেন প্যাট্রিক হিউজেস। ছবিতে দেখা যাবে, মার্কিন সেনাবাহিনীর রেঞ্জার প্রশিক্ষণের শেষ ধাপ চলছে। একদল তরুণ সেনা কঠিন প্রশিক্ষণের মধ্যে রয়েছে। তাদের মধ্যে একজন অভিজ্ঞ সৈনিক (অ্যালান রিচসন) দলের নেতৃত্ব দেয়। কিন্তু একটি সাধারণ প্রশিক্ষণ মিশন হঠাৎই ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয়, যখন তারা অজানা উৎসের এক ভয়ংকর যন্ত্র বা এলিয়েন যুদ্ধযন্ত্রের মুখোমুখি হয়। এরপর শুরু হয় জীবন বাঁচানোর লড়াই—যেখানে অস্ত্র, কৌশল ও বুদ্ধি ব্যবহার করে তাদের সেই শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়তে হয়। এভাবেই এক রুটিন প্রশিক্ষণের মধ্যেই ভয়াবহ এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা।

শক্তিশালী অ্যাকশন দৃশ্য, ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর যুদ্ধের কাহিনী এবং দ্রুতগতির গল্প বলার ভঙ্গির কারণে ছবিটি অল্প সময়েই দর্শকদের আগ্রহ কাড়তে সক্ষম হয়েছে। মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে বাড়ছে আগ্রহ ও আলোচনা।
সাপ্তাহিক তালিকায় সিনেমাটির পরই রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্রিজারটন’-এর চতুর্থ মৌসুম। দ্বিতীয় অংশ প্রকাশের পর পূর্ণ প্রথম সপ্তাহে সিরিজটি ১ কোটি ৩০ লাখ ভিউ পেয়েছে। জানুয়ারিতে প্রথম চারটি পর্ব প্রকাশের সময়ও এটি তালিকার শীর্ষে ছিল। পরে শেষ চারটি পর্ব প্রকাশের পর আবারো দর্শকসংখ্যা বেড়ে যায়। একই সঙ্গে সিরিজটির প্রথম মৌসুমও নতুন করে দর্শক টানছে এবং সাপ্তাহিক তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে।
এদিকে ডকুসিরিজ ‘দ্য ডায়নোসরস’ তিনদিনে ১ কোটি ৪ লাখ ভিউ নিয়ে ব্রিজারটনের পরের অবস্থানে রয়েছে। পাশাপাশি গুপ্তচরধর্মী নাটক ‘দ্য নাইট অ্যাজেন্ট’-এর তৃতীয় মৌসুম ৫২ লাখ ভিউ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। নতুন সিরিজ ‘ব্লাদিমির’ও চারদিনে ৪২ লাখ ভিউ পেয়ে তালিকায় জায়গা করে নিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বড় বাজেটের বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক অ্যাকশন চলচ্চিত্রে দর্শকদের আগ্রহ আবারো বাড়ছে। ‘ওয়ার মেশিন’-এর দ্রুত সাফল্য সেই প্রবণতারই ইঙ্গিত দিচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহেই এত বড় দর্শকসংখ্যা পাওয়ায় ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহগুলোতেও ছবিটি নেটফ্লিক্সের জনপ্রিয়তার তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারে।
সূত্র: ভ্যারাইটি ও আইএমডিবি









