মাত্র ৩৪ বছরে বয়সে মারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় মার্কিন গায়ক ও র‌্যাপার অ্যারন কার্টার। বিখ্যাত রক ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের অন্যতম সদস্য নিক কার্টারের ছোট ভাই তিনি।

টিএমজেড এক প্রতিবেদনে জানায়, গতকাল শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারের বাড়িতে বাথটাবে কার্টারকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখপাত্র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আরো জানানো হয়, অ্যারন কার্টারের মৃত্যুর কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

লস অ্যাঞ্জেলস পুলিশ জানায়, তারা কার্টারের পানিতে ডুবে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন।

ব্যাকস্ট্রিট বয়েজের সঙ্গে অ্যারন কার্টার তার কণ্ঠশিল্পী ক্যারিয়ার শুরু করেন। দলটির সঙ্গে একাধিক টুর ও কনসার্টে অংশ নেন। এ ছাড়া একক ক্যারিয়ারেও সফল ছিলেন তিনি।

মাত্র নয় বছর বয়সে কার্টারের প্রথম অ্যালবাম বের হয়। ১৯৯০ এর দশক ও পরবর্তীতে তার চারটি অ্যালবাম লাখ লাখ কপি বিক্রি হয়।

তার দ্বিতীয় অ্যালবাম ‘অ্যারনস পার্টি’ রিলিজ হয় ২০০০ সালে, এটি ট্রিপল প্লাটিনাম লাভ করে। এ অ্যালবামের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আই ওয়ান্ট ক্যান্ডি, কাম গেট ইট ও দ্যাট’স হাউ আই বিট শাক। তার সর্বশেষ অ্যালবাম ‘লাভ’ প্রকাশ হয় ২০১৮ সালে।

গান ছাড়াও ব্রডওয়ে মিউজিক্যাল ও টিভি শোতে অংশগ্রহণ করেন অ্যারন কার্টার।

বিভিন্ন সময়ে জটিলতার মুখোমুখি হন অ্যারন কার্টার। এ কারণে চমৎকার শুরু হলেও তার ক্যারিয়ারে ভাটা পড়ে। একাধিকবার রিহাবে যেতে হয়েছে তাকে। আর্থিক কারণে আইনি ঝামেলারও সম্মুখীন হন।