ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেয়ার পর এবার বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান খান। নিরাপত্তারক্ষীদের নিয়ে একটি বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজার গাড়িতে করে সালমান সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে হাজির হন।
সালমান খান যে গাড়িটি কিনেছেন সেটি এখন ভারতের বাজারে দেড় কোটি রুপির। গাড়িটি এখন আর বাজারে নেই। তবে টয়োটার এ মডেলের বুলেটপ্রুফ কিছু গাড়ি এখনো চাহিদার পরিপ্রেক্ষিতে সরবরাহ করা হয়।
ভিডিওতে দেখা যায়, সালমান গাড়ি থেকে নামার সময় তার পাশে ছিলেন দীর্ঘদিনের প্রধান দেহরক্ষী শেরা। তাদের ঘিরে ছিলেন আরো কয়েকজন নিরাপত্তারক্ষী। সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের এ ভিডিও প্রকাশ হতেই ভক্তরা তার স্টাইল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। কেউ কেউ জানাচ্ছে সালমানের জন্য ভালোবাসা। ‘হ্যান্ডসাম’,
‘ট্রু হিরো’
যেমন বলছে কেউ, আবার কেউ লিখেছে লাভ ইউ ভাইজান। লকডাউনের সময় সালমান খান যে ২৫ কোটি রুপি দুর্দশাগ্রস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন তা নিয়েও প্রশংসা করেছেন অনেকে।
উল্লেখ্য, মাসখানেক আগে লরেন্স বিষ্ণোই গ্রুপ তাকে হত্যার হুমকি দেয়ার পর থেকে ধীরে ধীরে নিজের এবং বাড়ির সবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন সালমান খান।
গত ৫ জুন সকালে হাঁটতে বেরিয়ে সালমান খানের বাবা সেলিম খান হুমকির চিঠি পান। যাতে লেখা ছিল, তোমাদের অবস্থা মুসেওয়ালার মতো করে দেব। পাঞ্জাবের রাজনীতিবিদ-গায়ক সিধু মুসেওয়ালা ২৯ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। উল্লেখ্য, এ খুনের পেছনে লরেন্স বিষ্ণোই গ্রুপ জড়িত বলে ধারণা করা হয়।
সূত্র: বলিউড হাঙ্গামা










