একের পর এক রেকর্ড অর্জন করে চলেছেন টেইলর সুইফট। সংগীত দুনিয়ার সব প্রধান পুরস্কার রয়েছে তার ঝুলিতে। রেকর্ড ব্রেকিং বিশ্ব ভ্রমণ বা বিশ্বের সর্বাধিক শোনা সংগীতশিল্পীর স্বীকৃতিও পেয়েছেন তিনি। এবার বিখ্যাত টাইম ম্যাগাজিন ২০২৩ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে টেইলর সুইফটের নাম ঘোষণা করেছে। খবর রয়টার্স।

সাময়িকী কর্তৃপক্ষ জানায়, চলতি বছরে সুইফটের দুই দশকের ক্যারিয়ারে খ্যাতি ও প্রভাব শীর্ষে পৌঁছেছে। শিল্পকলায় তিনি প্রথম ব্যক্তি যিনি বিনোদন জগৎ থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের সম্মাননা পেলেন।

সম্প্রতি ৩৩ বছর বয়সী এই মেগা পপ তারকা তার ইরাস ট্যুরের মাধ্যমে বিশ্বের প্রধান শহরগুলো ভ্রমণ করেছেন। এ কনসার্ট টিকিট বিক্রির দিক থেকে আগের যেকোনো রেকর্ডকে ভেঙে দিয়েছে। আর এ ভ্রমণ দেশগুলোর অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।

টাইম ম্যাগাজিনের স্বীকৃতি প্রসঙ্গে টেইলর সুইফট বলেন, আগে কখনো আমি এত গর্বিত ও আনন্দ অনুভব করেনি।

১৯২৭ সালে প্রতিষ্ঠার পর থেকে টাইম ম্যাগাজিন প্রায় সব মার্কিন প্রেসিডেন্টকে এ পুরস্কার দিয়েছে। আর গত বছর বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এবারের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় আরো ছিলেন হলিউডের ধর্মঘটকারীরা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ওপেনআইএর স্যাম আল্টম্যান, ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী, বারবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাজা তৃতীয় চার্লস ও ফেডারেল রিজার্ভের প্রধান জেরোমি পাওয়েল।

এদিকে টেইলর সুইফটের চলমান ‘ইরাস ট্যুর’ আগামী বছরও অব্যাহত থাকবে। এ ট্যুরের আওতায় রয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় শহরগুলো। বিলবোর্ডের প্রতিবদেন অনুসারে, এ সিরিজ কনসার্ট ২০২৩ সালে প্রায় ৯০ কোটি ডলার আয় করেছে। শো প্রতি আয় এক কোটি চার লাখ ডলার।

ওই ট্যুরের কারণে যুক্তরাষ্ট্রে টিকিটের দাম সর্বোচ্চ ২৮ হাজার ডলারে পৌঁছে। এ কারণে অনলাইনে টিকেট কীভাবে বিক্রি হয় তা নিয়ে আইনি তদন্তও শুরু হয়। সফরটি নিয়ে তৈরি হয়েছে ‘টেইলর সুইফট:  দ্য ইরাস ট্যুর’ নামের সিনেমা। প্রকাশ হয়েছে কমিক বইও।