‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২২’ এর শীর্ষ পুরস্কার জিতে নিলেন যুক্তরাষ্ট্রের গায়িকা টেইলর সুইফট। দশ মিনিট দৈর্ঘ্যের ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ প্রজেক্টের জন্য বছরের সেরা ভিডিও বিভাগে পুরস্কার পেয়েছেন তিনি। খবর এপি।
গানটি সব মিলিয়ে পাঁচটি মনোনয়ন পায়, এর মধ্যে জিতে নেয় বর্ষসেরা ভিডিও, দীর্ঘ ভিডিও ও নির্দেশকের পুরস্কার।
গতকাল রোববার পুরস্কার গ্রহণের সময় আরেকটি সুখবর দেন সুইফট। তিনি জানান, আগামী ২১ অক্টোবর তার দশম স্টুডিও অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশ হবে।
অ্যালবামের গান নিয়েও তথ্য দিলেন সুইফট। সারাজীবনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১৩টি নিদ্রাহীন রাতের গল্প নিয়ে রচিত গানগুলো।
এর আগে ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ নামে দুটি অ্যালবাম প্রকাশের পর তার নতুন এ অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে। এ দুটি অ্যালবাম দুই বছর আগে পাঁচ মাসের ব্যবধানে বাজারে আসে। এর মধ্যে ‘ফোকলোর’ ২০২১ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল।










