প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ। ওয়েব ফিল্মের নাম ‘এখানে নোঙর’। এতে সারেং চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। তার চরিত্রের নাম আলতামাস। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন আদর ও অর্চিতা স্পর্শিয়া। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি।
প্রথমবার ওয়েব ফিল্মে কাজ প্রসঙ্গে আদর বলেন, ‘গতানুগতিক গল্প নয় এটি। আলতামাস বছরে চারবার তার বালুর জাহাজ কাউখালিতে নোঙর করে। এ নোঙর ঘিরেই এগিয়ে যায় গল্প। এটা মূলত রোমান্টিক ও ট্রাজেডি জনরার গল্প। সাধারণত ওয়েব ফিল্ম মানেই ডার্ক, থিলার, ক্রাইমের গল্প দেখা যায়। তবে এটি তার বিপরীত। দর্শকদের ভালো লাগার মতো একটি গল্প। আশা করছি দর্শক ভিন্ন স্বাদের একটি কাজ উপহার পাবে।’
এ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙরের গল্প এ সময়ের অন্যান্য সিনেমা থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনী দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।’
নির্মাতা রনি বলেন, ‘গল্পটি মূলত নদী, মালবাহী জাহাজ এবং এর সঙ্গে যুক্ত কিছু চরিত্র নিয়ে। যারা অভিনয় করছেন সবাই অনেক পরিশ্রম করছেন, বিশেষ করে আদরের বেশকিছু দৃশ্য ছিল নদীতে সাঁতার কাটা, বৃষ্টিতে ভেজা, প্রচণ্ড শীতের মধ্যে তাকে এ দৃশ্যগুলো করতে হচ্ছে। আশা করছি কাজটি সবার পছন্দ হবে।’
১৫ জানুয়ারি ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এ ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। আগামীকাল এর বাকি অংশের শুটিংয়ের জন্য টিম যাচ্ছে বরিশালে। সেখানে বাকি শুটিং দিয়ে পুরো ওয়েব ফিল্মের কাজ শেষ হবে ২৫ জানুয়ারি।
এ ওয়েব সিরিজের অন্যান্য চরিত্রে আরো আছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইকবাল, হানিফ পালোয়ান প্রমুখ।










