ভিয়েতনামের বিন থুয়ান প্রদেশের ফান থিয়েট সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পারফরমিং আর্ট ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালটি ৮-১০ ডিসেম্বর পর্যন্ত ‘ফান থিয়েট বিচ শহর’-এ আয়োজন করা হবে, যার থিম ‘কানেক্টিং ক্রিয়েটিভিটি’। নাট্যনির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বাংলাদেশ থেকে উৎসবের প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহীন নিজেই।

‘সমসাময়িক পারফরম্যান্স আর্টগুলো কীভাবে বিশ্বের যুদ্ধ, দারিদ্র্য ও সাংস্কৃতিক দূরত্বের নিরাময় করতে পারে’ শীর্ষক আলোচনায় একজন কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন বহুমাত্রিক এ নাট্যব্যক্তিত্ব।

উৎসবটিতে আদিবাসী সম্প্রদায় ও স্থানীয়দের পাশাপাশি বিন থুয়ান প্রদেশের ফান থিয়েট শহরে আগত পরিদর্শনকারী দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের ওপর দৃষ্টি নিবদ্ধ করেই আয়োজন করছে ভিয়েতনাম ইন্টারন্যাশনাল পারফরমিং আর্ট ফেস্টিভ্যালের আয়োজক কমিটি। উৎসবটি ভিয়েতনামের জাতীয় পর্যটন বর্ষ কর্মসূচির অন্তর্ভুক্ত, যা বিন থুয়ান প্রদেশের পিপলস কমিটি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই/ইউনেস্কো), ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ফোরাম কমিটি এবং স্মার্ট গ্রুপ ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানির সহযোগিতায় আয়োজন হচ্ছে।

পাঁচটি মহাদেশের ৩০টির বেশি দেশের পারফরমিং আর্টের প্রতিনিধি ও শিল্পীরা এ উৎসবে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, কিউবা, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, রোমানিয়া, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, মঙ্গোলিয়া, জর্ডান, চীন, সাইপ্রাস, নিউজিল্যান্ড, ঘানা, শাদ, নেদারল্যান্ডস, ইউক্রেন, আইভরি কোস্ট, মেক্সিকো, বেলারুশ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, উজবেকিস্তান ও ভিয়েতনামের উত্তর, মধ্য ও দক্ষিণের শিল্পী এবং অভিনেতারা।