মনস্তাত্ত্বিক গল্পে নির্মিত টেলিছবিটি পরিচালনা করেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর ট্যাগলাইন রাখা হয়েছে ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’।
টেলিছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা অধরা খান এবং এমদাদ এইচ ভূঁইয়া (রাজু)। নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।
গল্পের মূল উপজীব্য প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বেদনা, বন্ধুত্বের মানসিক আশ্রয়, আত্মহত্যার পেছনে কাজ করা নীরব মানসিক ভাঙন এবং সময়ের সঙ্গে স্মৃতিতে রয়ে যাওয়া সম্পর্কের আবেগ। এসব বিষয়কে কেন্দ্র করেই টেলিছবিটির কাহিনী এগিয়েছে।
গল্প প্রসঙ্গে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা কষ্ট ও না বলা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মানুষের ভেতরের লুকানো বেদনার দিকটি দর্শক অনুভব করতে পারবেন এবং টেলিছবিটি তাদের ভালো লাগবে।’
চিত্রনায়ক ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন নঈম ভাই কাজের প্রস্তাব দিলে গল্প ও চরিত্র ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হই। কারণ আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটা অনেকটা তেমনই হয়েছে। নির্মাতা খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউব চ্যানেল NY71TV-তে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ অবমুক্ত করা হবে। প্রবাস জীবনের বাস্তবতা ও মানবিক সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে নির্মিত এই টেলিছবিটি ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের সামনে আসছে।










