টিভি নাটকের প্রিয় মুখ দীপা খন্দকার। বিজ্ঞাপনেও নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি চারটি সিনেমার কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। সিনেমাগুলো হচ্ছে শহীদ রায়হানের ‘মনোলোক’,
কামরুজ্জামান রোমানের ‘মোনা’,
মো. ইকবালের ‘রিভেঞ্জ’
ও সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’।
এ নিয়ে দীপা খন্দকার বলেন, ‘নতুন অভিনীত প্রায় সব সিনেমারই ডাবিংয়ের কাজ শেষ করেছি। মনোলোক, মোনা, পায়ের ছাপ, রিভেঞ্জ—প্রত্যেকটি সিনেমারই গল্প সুন্দর। সত্যি বলতে কী এ সময়ে এসে সিনেমার ধারায় যে একটা পরিবর্তন এসেছে, সে ধারারই গল্প নিয়ে দর্শকের ভালো লাগার মতো সিনেমা এগুলো। যে কারণে কাজ করেও বেশ ভালো লেগেছে। আমি সিনেমাগুলোর মুক্তির প্রতীক্ষায়।’
নতুন ধারাবাহিক নিয়ে বলতে গিয়ে দীপা আরো বলেন, ‘দুটি নতুন ধারাবাহিকে কাজ করছি। এর মধ্যে মীর সাব্বিরের “বিদেশী ছেলে”
গত সপ্তাহেই প্রচার শুরু হয়েছে বিটিভিতে। এ নাটকে অভিনয় করতে গিয়ে আবারো অনুভব করলাম বিটিভির প্রতি দর্শকের আলাদা টান রয়েছে। অন্যদিকে “গুলশান এভিনিউ”
নাটকটি এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।’
কাজের ব্যস্ততা নিয়ে বলেন, ‘পেশাগতভাবে আমি অভিনেত্রী, এটা সত্যি। তবে কাজের চেয়ে অবশ্যই পরিবার গুরুত্বপূর্ণ। পরিবারকে ঠিকঠাকভাবে সময় দিয়েই কাজ করে যেতে চাই।’
ভিন্ন দুই টেলিভিশন চ্যানেলে নতুন দুটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হয়েছে দীপা খন্দকারের। নাটক দুটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় ‘বিদেশী ছেলে’ আর বাংলাভিশনে ‘মেঘবেলা’।










