তবে মুক্তির আগেই নাওমি ওয়াটস পুরস্কারের সংবাদ পেলেন। জুরিখ চলচ্চিত্র উৎসবে তাকে ‘গোল্ডেন আই’ পুরস্কারে সম্মানিত করা হবে। আগামী ২৬ সেপ্টেম্বর পুরস্কার গ্রহণ করবেন নাওমি। এদিন তিনি জেডএফএফ মাস্টার্স সেশনে নিজের অভিনয় জীবন নিয়েও কথা বলবেন।

দুবার অস্কারে মনোনয়ন পাওয়া ওয়াটসকে উৎসব কর্তৃপক্ষ ‘আবেগের গভীরতা, বহুমুখী প্রতিভা ও চরিত্রের প্রতি অবিচল নিষ্ঠার জন্য খ্যাত একজন শিল্পী’ হিসেবে বর্ণনা করেছে।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নাওমি বলেন, ‘জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এত গুণী শিল্পীদের সঙ্গে একই আয়োজনে উপস্থিত হয়ে এ পুরস্কার গ্রহণের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ সিনেমায় আমার অভিনয়কে সম্মানিত করার জন্য চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

দ্য হাউজওয়াইফ সিনেমায় তিনি ষাটের দশকের নিউইয়র্কে বসবাসকারী এক অভিজাত ও রহস্যময় নারীর চরিত্রে অভিনয় করেছেন। তার নিখুঁত বাহ্যিক অবয়বের আড়ালে থাকা ফাটল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে, যখন দ্য নিউইয়র্ক টাইমসের এক তরুণ সাংবাদিক তার স্বামীর অন্ধকার অতীতের কিছু সূত্র খুঁজে পান।

উৎসবের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান ইয়ুংগেন বলেন, ‘ডেভিড লিঞ্চের মুলহল্যান্ড ড্রাইভ-এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি পাওয়ার পর থেকেই নাওমি ওয়াটস আমাদের সময়ের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী। তার সেরা অভিনয়গুলোয় গ্ল্যামার ও অন্ধকারের মধ্যকার টানাপড়েন, একটি চরিত্র যা প্রকাশ করে এবং যা গোপন রাখে—এ দুইয়ের দ্বন্দ্ব ফুটে ওঠে। এ কারণেই তিনি এমন এক চরিত্রাভিনেত্রী, যাকে হিচককও নিশ্চয়ই পছন্দ করতেন।’

সূত্র: ভ্যারাইটি