সাইফ আলী খান ও শর্মিলা ঠাকুর বসেছেন করণ জোহরের সঙ্গে আলাপে। কফি উইথ করণের অষ্টম আসরে যুক্ত হয়েছেন তারা। এ নিয়ে দর্শকের মধ্যে দেখা যাচ্ছে দারুণ আগ্রহ। এরই মধ্যে প্রচার হয়েছে পর্বটির একটি প্রমো। এ থেকেই দর্শকের আগ্রহ আরো বেড়েছে। আড্ডায় মাতা-পুত্র হাজির হয়েছেন কালো পোশাকে। এ শোতে প্রথমবারের মতো এসেছেন শর্মিলা। সে কারণে দর্শকের আগ্রহ আরো বেশি।

প্রমোতে দেখা যায়, তারা নানা বিষয় নিয়েই আলাপ করছেন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল শেষ কবে সাইফকে কোনো বিষয়ে নিষেধ করেছেন শর্মিলা। স্মৃতি হাতড়ে তিনি একটি ঘটনার কথা মনে করেন। সাইফ সে সময় জানান, কিছুক্ষণ আগেই এমন একটা ঘটনা ঘটেছে আর এ কথার পর তারা অট্টহাসিতে মাতেন।

এ আলাপে আরো অনেক বিষয়ই আছে। যেমন সাইফের কাছে করণ জানতে চান তার জীবনে কারিনা কাপুরের অবদান বা অনুপ্রেরণা কেমন। কফি উইথ করণের সব পর্বেই মোটামুটি এ ধরনের আলাপই হয়। এবারের পর্বে আছে একটি বিশেষ বিষয়। শর্মিলা ঠাকুরকে সাইফ সম্পর্কে এমন কোনো ঘটনা বলতে বলেন, যা এর আগে কেউ জানেনি। এ নিয়ে শর্মিলা সাইফের কলেজজীবনের কথা স্মরণ করেন।

কলেজপড়ুয়া সাইফ আলী ছিলেন বেশ চঞ্চল। তিনি তখন ইংল্যান্ডে ছিলেন। এ সময় এক বিমানবালার প্রতি আকৃষ্ট হন সাইফ। শর্মিলা বলেন, ‘ওই সময় সাইফ একদিন কলেজ ফাঁকি দিয়েছিল। সে ওই মেয়েটিকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিল।’ মায়ের কথার মধ্যেই সাইফ বলেন, ‘বাড়িয়ে চড়িয়ে বলছ তুমি।’

সাইফ আলী খান ও শর্মিলা ঠাকুরকে নিয়ে এ পর্ব সম্পর্কে করণ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এবারের মেনুতে থাকছে রাজকীয় বিষয়। শর্মিলা ঠাকুর ও সাইফ আলী খান, মাতা-পুত্র আসছেন কফি উইথ করণের সাম্প্রতিক পর্বে।’

সূত্র: ইয়ন