সিনেমা ও টেলিভিশনের নিয়মিত মুখ মানসী প্রকৃতি। ঢালিউডের প্রেক্ষাগৃহে চলছে তার চতুর্থ সিনেমা ‘যন্ত্রণা’। এ সিনেমায় মানসী প্রকৃতির বিপরীতে ছিলেন আদর আজাদ। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। সিনেমাটির মাধ্যমে প্রথমবার লেডি অ্যাকশন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। পুষ্প চরিত্রের জন্য পাচ্ছেন ইতিবাচক সাড়া। চরিত্রটি নিয়ে অনেকে অন্তর্জালে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।
সিনেমা মুক্তির মাঝেই প্রকাশ্যে এসেছে এ অভিনেত্রীর চার পর্বের একটি ধারাবাহিক নাটক। নাম ‘অহংকারী বউ’। ইমন রাবেক পরিচালিত নাটকটিতে রাখি চরিত্রে অভিনয় করে সব মহলের কাছে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন প্রকৃতি। যার প্রমাণ মিলেছে কমেন্ট বক্স ও সামাজিক মাধ্যমেও। এমন দর্শক সাড়ায় উচ্ছ্বসিত প্রকৃতি। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘নাটকটি এতটা সাড়া ফেলবে আশা করিনি। একদিনে মিলিয়ন ভিউ পার হয়েছে। এর প্রতিটি পর্বই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। কমেন্ট করে দর্শকরা তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। তারা আরো পর্ব চাচ্ছেন। অনেকেই নাটকের শেষটা কিছুতেই মেনে নিতে পারছেন না। কেউ কেউ কমেন্ট করে জানিয়েছেন, শেষটা দেখে তারা কেঁদেছেন এবং সেই সঙ্গে রাখি চরিত্রটি তাদের ভাবিয়েছে। এটাই একজন শিল্পীর প্রাপ্তি। সবার ভালোবাসায় মুগ্ধ আমি।’
আসন্ন সিনেমা নিয়ে জানতে চাইলে প্রকৃতি জানান, বর্তমানে তিনি ‘রং রোড-আদুরী অধ্যায়’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’ নামের সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়। এছাড়া তার নতুন বেশকিছু নাটক অভিনয় করার কথাও জানান তিনি। নাটকগুলোর প্রচার শিগগিরই শুরু হবে বলেও জানান। ‘শেষ কথা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মানসী প্রকৃতির।










