দুর্গা পূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সফল সিরিজের তৃতীয় পর্ব ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। বড় পর্দায় ফের ফিরছে জনপ্রিয় চরিত্র সোনাদা-আবীর-ঝিনুক। আবীর চট্টোপাধ্যায় তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে একটি সাক্ষাত্কার দিয়েছেন। এতে এ সিনেমা ও তার ব্যক্তিজীবন নিয়ে নানা বিষয় উঠে এসেছে। আবীর অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ব্যোমকেশ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক তার অভিনয় নিয়ে আবীর বলেন, ‘একটা
সময় আমার বিরুদ্ধে অনেকের রীতিমতো অভিযোগ ছিল যে, আমি ফ্র্যাঞ্চাইজি ছাড়া কাজ করি না। তারপর অবশ্য দেখলাম, তারা নিজেই উঠেপড়ে সব ফ্র্যাঞ্চাইজির সিনেমা করছেন। ফ্র্যাঞ্চাইজির একটা মজা রয়েছে। দর্শক আশা করেন প্রথমের চেয়ে দ্বিতীয়টা বেশি ভালো হবে, দ্বিতীয়ের চেয়ে তৃতীয়টা। সেটা একটা মজার চ্যালেঞ্জ।’
ফ্র্যাঞ্চাইজি সফলতার বাড়তি চাপ নিয়ে বলতে গিয়ে এ নায়ক বলেন, “বাচ্চারা
আমায় এত তাড়াতাড়ি ‘সোনাদা’ বলে ডাকা শুরু করবে ভাবিনি। আসলে ব্যোমকেশ তো বাচ্চারা ঠিক বোঝে না। তাই ওদের কাছে সোনাদাই পরিচিত।” সিরিজটি ৮ থেকে ৮০ সবার জন্য। তাই তৃতীয় ছবি নিয়ে একটা প্রত্যাশা নিশ্চয়ই সবার আছে। সেটার তো একটা বাড়তি চাপ থাকেই। তবে সোনাদার একটা মজা আছে। সাহিত্যে সোনাদার কোনো ভিত নেই। সেটা কিন্তু বাংলায় খুব কম ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই হয়েছে। বাংলা সাহিত্যে এত ভালো ভালো উপাদান আছে যে, পরিচালকরা সাধারণত সেগুলো নিয়েই কাজ করেন। এক্ষেত্রে সেটা হয়নি।
বর্তমানে থ্রিলারধর্মী কাজ হচ্ছে। এ বিষয়ে এ তারকা বলেন, ‘আমি
প্রায়ই ভাবি, বাঙালি কী তাহলে থ্রিলার ছাড়া আর কিছুই দেখে না। তবে আমার মনে হয় এখন কিছু মিষ্টি সিনেমা, প্রাণ খুলে হাসার আর মজা পাওয়ার মতো সিনেমা হওয়া উচিত। এ অতিমারীর ভয়াবহতা কাটিয়ে যা দেখে মানুষ একটু প্রাণ খুলে হাসবে, সে রকম সিনেমা দরকার।’
দর্শকের সিনেমা দেখার অভ্যাসে পরিবর্তন এসেছে কিনা, আর এটা একটা ইন্ডাস্ট্রির জন্য চিন্তার বিষয় কিনা, এর জবাবে আবীর বলেন, ‘ওটিটির
আগে কেবল টিভি ছিল, স্যাটেলাইট চ্যানেল ছিল। দর্শক কিন্তু তখনো ঠিক করতেন কোনটা টিভিতে দেখার অপেক্ষা করবেন আর কোনটা হলে গিয়ে দেখে আসবেন। তবে এখন তাদের অভ্যাস অনেকটা বদলে গিয়েছে। ওটিটিতে নানা রকমের কনটেন্ট রয়েছে। কোনটা কখন দেখবেন, কোথায় বসে দেখবেন, কতটা দেখবেন সব কিছুই নিজের পছন্দমতো বেছে নিতে পারেন। তাই আমরা হলে আসার জন্য অনুরোধ করতে পারি মাত্র।
সিনেমা মুক্তির কিছু মাস পরেই এখন ওটিটিতে চলে আসে। এটা দর্শকের যাওয়ার ইচ্ছা দমিয়ে দিচ্ছে কিনা এ নিয়ে এখন বেশ আলোচনা চলে। তবে এ নিয়ে আবীরের বক্তব্য ভিন্ন। এ তারকা বলেন, ‘মানুষ তো অতিমারী আগে কখনো দেখেননি, এখন আমরা যেভাবে দেখলাম। এর প্রভাব সবার ওপর কীভাবে পড়েছে, সেটা কিন্তু সবটা এখনো বোঝা যাচ্ছে না। আমাদের ইন্ডাস্ট্রিও তেমনই একটা বদলের মধ্য দিয়ে যাচ্ছে। তাই কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল এগুলো এখনই বলার মতো সময় আসেনি। সবাই সময়টা বুঝতে চাইছেন।’










