সম্প্রতি বলিউডে অভিষেক হলো জয়া আহসানের। অভিনয় করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’-এ। সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন পঙ্কজ ত্রিপাঠী। এটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে। মুক্তির পর সিনেমাটি প্রশংসা পেয়েছে। তবে এর আগে এটি প্রদর্শন হয়েছিল ভারতীয় চলচ্চিত্র উৎসবে। সম্প্রতি এ সিনেমায় অভিনয়, অনিরুদ্ধ রায়চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠী সম্পর্কে এক সাক্ষাৎকারে জয়া কথা বলেছেন। সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম ইয়ন।
জয়া আহসান এই প্রথম অভিনয় করলেন হিন্দি ভাষার সিনেমায়। এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সিনেমাটি আমার জন্য নতুন। চরিত্রটাও নতুন। আমার জন্য অভিজ্ঞতাটাও তাই নতুন। চিত্রনাট্য আমাকে আকর্ষণ করেছিল। এর আগে আমি এমন কোনো কাজ করিনি। শিল্পী, পরিচালক ও তার টিম সবাই একসঙ্গে ছিলাম। চমৎকার একটা যাত্রা ছিল আমাদের।’
সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জয়া। ভারতে পঙ্কজ এখন সেরা অভিনেতাদের একজন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘তিনি কেবল একজন ভালো শিল্পীই নন, একজন ভালো মানুষও। তার কাজে এটি ধরা পড়ে। শুরুতে আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু এরপর সহজ হয়ে যায়। পঙ্কজ ত্রিপাঠী এতে সাহায্য করেছেন।’ কাজের বাইরে ব্যক্তি পঙ্কজের কিছু বিষয়ও লক্ষ্য করেছেন জয়া। এ নিয়ে তিনি বলেন, ‘পঙ্কজ ভালো খাবার খুব পছন্দ করেন। এছাড়া তিনি বাগান করতে পছন্দ করেন। আমার নিজেরও বাগান করার শখ আছে বলে এ নিয়ে বেশ কথা হতো।’
অনিরুদ্ধ রায়চৌধুরী বিচিত্র ধারার সিনেমা নির্মাণ করেন। একসময় রোমান্টিক সিনেমা নির্মাণ করেছেন। এরপর আবার নির্মাণ করছেন থ্রিলার। তার সঙ্গে কাজ করা প্রসঙ্গে জয়া বলেন, ‘অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা অনেকদিনের। কারণ তিনি যে নারী চরিত্রদের সিনেমায় আনেন, তারা আর পাঁচজন নারীর তুলনায় আলাদা। এছাড়া তার সিনেমার মূল বিষয়গুলোও অন্যান্য সিনেমার তুলনায় ভিন্ন। কড়ক সিংয়ের পর আমরা একটা বাংলা সিনেমায় কাজ করার পরিকল্পনা করছি।’
জয়া আহসানের কাছে ইয়ন জানতে চেয়েছিল, তিনি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করবেন কিনা। উত্তরে অভিনেত্রী বলেন, ‘জওয়ানও একটা বাণিজ্যিক সিনেমা। এর মতো যদি গল্প হয়, চরিত্রের গভীরতা থাকে তাহলে আমি অবশ্যই অভিনয় করব।’
সূত্র: ইয়ন










