আগামীকাল সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন। বিশেষ এই দিনকে স্মরণ করে কাল প্রকাশিত হবে বঙ্গমাতাকে নিয়ে  সংগীতশিল্পী অবন্তী সিঁথির নতুন গান। ‘সুজন হাজং অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে গাওয়া গান ‘আমাদের বঙ্গমাতা’। গানটি লিখেছেন সুজন হাজং আর সুর করেছেন সুমন কল্যাণ।

গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন,‘এর আগে সুজন হাজং দাদার লেখা এবং সুমন কল্যাণ দাদার সুর সংগীতে আমি মুক্তির সংগ্রাম শিরোনামে একটি গান গেয়েছিলাম। গানটি খুব চমৎকার ছিল। আমার পরম সৌভাগ্য যে আমি বঙ্গমাতাকে নিয়ে গান গাইতে পেরেছি। গানের কথা ও সুর ভীষণ আবেগী এবং হৃদয় ছুঁয়ে যাওয়ারই মতো। গানটি গেয়ে আমি ভীষণ তৃপ্ত। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।’

অবন্তী জানান, ‘বঙ্গমাতা’ শিরোনামে আগামীকাল আরো একটি গান প্রকাশ পাবে। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলী, সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন।

সুজন হাজং বলেন, ‘বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে গানটি লিখেছি। আশা করি গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’