সিনেমার দৃশ্য ও ঘটনাকে প্রাণ দেয় আবহ সংগীত। অনেক ক্ষেত্রে আবহ সংগীতই ইঙ্গিত দেয় বিশিষ্ট কোনো চরিত্রের আগমন কিংবা প্রস্থানপর্ব। সুরটি সেই চরিত্রের কল্পনায় অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে দর্শকের মনে। আবহ সংগীতের জগতে জীবন্ত এক কিংবদন্তির নাম হ্যান্স জিমার। জার্মান এ সংগীতকার ও সংগীত প্রযোজকের থলেতে এখন পর্যন্ত জুটেছে দুটি অস্কার ও চারটি গ্র্যামি। এছাড়া অন্যান্য পুরস্কারের তালিকাও দীর্ঘ। আমাদের কালে জীবিত ১০০ জিনিয়াস মানুষের একজন তিনি। বাখ, বিটোভেন, রিচার্ড ওয়াগনারের সংগীত ঐতিহ্যের উত্তরসূরি হিসেবে জিমারের অবস্থান নিশ্চয়ই ইতিহাস একসময় নির্দিষ্ট করবে।

জিমারের জন্ম ১৯৫৭ সালে। সংগীতে তার হাতেখড়ি হয় পিয়ানো দিয়ে। তবে সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন খুব একটা সুখকর ছিল না জিমারের জন্য। নিয়মমাফিক পিয়ানো পাঠ নিতে বরাবরই অনীহা ছিল। তবে সংগীত জিমারকে ছাড়েনি, জিমারও ছাড়তে পারেননি সার্কেল অব ফিফথসের টান। জিমার স্বয়ং একজন স্বশিক্ষিত সংগীতকার। প্রথাগত কম্পোজিশনের নিয়ম বরাবরই চূর্ণ করে নতুন কোনো পথের অনুসন্ধান করেন তিনি। বাঁধাধরা কোনো নিয়মের বেড়াজালে তিনি আটকে থাকতে চাননি।

জিমারের ক্যারিয়ারের শুরুটা হয় ব্যান্ড দিয়ে। একাধিক ব্যান্ডে তিনি কি-বোর্ড ও সিনথেসাইজার বাজাতেন। আশির দশকে বিজ্ঞাপনের জন্য জিংগেল কম্পোজ করতে শুরু করেন জিমার। সে সময় প্রখ্যাত সংগীতকার স্ট্যানলি মেয়ার্সের সঙ্গে কাজ করেন তিনি। জিমার অ্যাকোস্টিক যন্ত্র ব্যবহারে পারদর্শী তো ছিলেনই, কম্পিউটারের মিউজিক সফটওয়্যার ব্যবহারেও পাকা হাত ছিল তার। জিমার ও মেয়ার্স যৌথভাবে অর্কেস্ট্রার সংগীতের সঙ্গে ইলেকট্রনিক সংগীতের ফিউশন করেন। লক্ষ্য, নতুন শব্দ তৈরি করা। মুনলাইটনিং, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জসহ বেশ কয়েকটি সিনেমায় আবহ সংগীত তৈরি করতে মেয়ার্সের সঙ্গী হন জিমার।

একক সংগীত পরিচালনায় হ্যান্স জিমার নাম লেখান ১৯৮৭ সালে নিকো মাসতোরাকিস পরিচালিত টার্মিনাল এক্সপোজার সিনেমায়। ঠিক এক বছর পর বার্নানডো বারতোলুচি পরিচালিত দ্য লাস্ট এমপেরোর সিনেমার জন্য শ্রেষ্ঠ অরিজিনাল স্কোরের ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান তিনি।

গত শতাব্দীর সংগীত পরিচালকদের চেয়ে হ্যান্স জিমারের কৌশল অনেকটাই স্বতন্ত্র। জিমারপূর্ব সংগীত পরিচালকরা—যেমন জন উইলিয়ামস বা ড্যানি এলফম্যান হাতেকলমে কম্পোজ করতেন। পশ্চিমা ক্ল্যাসিক্যাল কম্পোজারদের দ্বারা বেশ প্রভাবিত ছিলেন তারা। তাই অর্কেস্ট্রাল সংগীত আয়োজনে বরাবরই ঝোঁক বেশি তাদের। এদিক থেকে ভিন্ন জিমারের সুর গাঁথুনির প্রক্রিয়া। জিমারসহ এ যুগের সংগীত প্রযোজকরা ইলেকট্রনিক সংগীতের পৃষ্ঠপোষক। প্রযুক্তির উত্কর্ষ সংগীতে নতুন সম্ভাবনা যোগ করেছে। প্রথাগত অর্কেস্ট্রাল সংগীত আয়োজন থেকে সরে এসে সংগীত পরিচালকরা নতুন ধরনের শব্দ ও শব্দের ডিজাইন তৈরির দিকে ঝুঁকেছেন।

২০০০ সালে রিডলি স্কট পরিচালিত রোমান এপিক হিস্টোরিক্যাল ড্রামা গ্ল্যাডিয়েটরের আবহ সংগীত দিয়ে নিজের অবস্থান বেশ পোক্ত করেন হ্যান্স জিমার। এখন পর্যন্ত তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম গ্ল্যাডিয়েটর। রোমানদের তত্কালীন নিজস্ব হার্প ও বাঁশি ছিল, যার সঙ্গে আধুনিক ভায়োলিন কিংবা ট্রাম্পেটের তুলনা বাতুলতা। মধ্যযুগের সময়কে তুলে ধরতে জিমার অ্যাকোস্টিক যন্ত্র ও শুষিরজাত বাদ্যযন্ত্র ব্যবহার করেন। কাহিনীর ভৌগোলিক ঐতিহ্য ও সময়কালের সঙ্গে মিল রেখে তালের স্টাইল ব্যবহার করেন জিমার। মরক্কোর দৃশ্যে তিনি এ তালের সঙ্গে আর্মেনিয়ান বাঁশি ডুডুকে মেলোডি তৈরি করেন। অন্যদিকে রোম সাম্রাজ্যের আভিজাত্য প্রকাশে দেখা যায় বৈপরীত্য। ইউরোপীয় অর্কেস্ট্রা সংগীতের আয়োজন ইঙ্গিত দেয় পর্দায় রোম সম্রাট কমোডাসের উপস্থিতি।

বলা হয়, ব্যবসা সফল সিনেমার অন্যতম একটি ফর্মুলা হলো সংগীত। তাই পরিচালক ও সংগীত পরিচালকের জুটি ভালো হলে, শুধু সংগীত দিয়ে দৌড়ে কিছুটা এগিয়ে থাকে সিনেমাটি। ক্রিস্টোফার নোলান ও হ্যান্স জিমারের জুটির জাদু সর্বজনবিদিত। ২০০৮ সালে দ্য ডার্ক নাইট সিনেমায় দেখা যায় নেলান-জিমার জুটির পরাকাষ্ঠা। খলনায়ক জোকারের দৃশ্যপটে আবির্ভাবের সময় জিমার তীক্ষ শব্দ ব্যবহার করেন, যা ধীরে ধীরে ক্রিসেন্ডো মেনে আরো প্রকট হয়ে ওঠে। দৃশ্যে টেনশন তৈরির জন্য এ ফরম্যাট কাজ করে যায়। দ্য ডার্ক নাইটের পর নোলানের সিনেমা মানেই যেন সংগীত পরিচালক হ্যান্স জিমার। নোলান নিজে স্বীকার করেছেন ইন্টারস্টেলার সিনেমার কাজ তিনি শুরু করেন মূলত জিমারের সাউন্ডট্র্যাক শুনে।

২০০৯ সালে গাই রিচির পরিচালনায় মুক্তি পায় শার্লক হোমসের প্রথম কিস্তি। আর্থার কোনান ডয়েলের বইয়ে গোয়েন্দা শার্লক প্রায়ই কোনো কেস নিয়ে ভাবতে ভায়োলিনে মশগুল থাকতেন। ১৮২০ সালে ক্ল্যাসিক্যাল সময়ের অবসান হয়। শার্লক হোমসের প্রেক্ষাপট তার সাত দশক পরে। ক্ল্যাসিক্যাল সংগীতের রেশ তখনো পুরোপুরি কাটেনি। তবে ক্ল্যাসিক্যাল সংগীতের বদলে সিনেমাজুড়ে ছিল জিপসি সংগীতের ঝংকার। কেন্দ্রীয় চরিত্রের ভবঘুরে ভাব প্রকাশ করতেই জিপসিদের সঙ্গে ঘুরেছেন জিমার। শিখেছেন তাদের সংগীতের ঢং।

নতুনত্ব আনতে ও এক্সপেরিমেন্ট করতে বরাবরই স্বকীয় কৌশল অবলম্বন করেছেন জিমার। সংগীত তৈরিকে প্রশ্নোত্তরের ধাঁধার সঙ্গে তুলনা দিয়েছেন তিনি। প্রতিটি ফ্রেজে সংগীতের ভাষায় একটি প্রশ্ন রাখেন, সুর ও লয় দিয়েই তার উত্তর অনুসন্ধান করে যান। মনোযোগী শ্রোতারা খুঁজে পান সে ধাঁধার উত্তর, অথবা নিজেই জড়িয়ে পড়েন নতুন কোনো ধাঁধায়।