এনিমে থেকে লাইভ অ্যাকশন নির্মাণ হচ্ছে অনেকই। নেটফ্লিক্সের হাত ধরে এ বছর এসেছে ‘ওয়ান পিস’ এনিমের লাইভ অ্যাকশন। প্রশংসাও পেয়েছে সিরিজটি। সাধারণত এনিমে থেকে লাইভ অ্যাকশন তৈরি হলে এতটা ইতিবাচক সাড়া মেলে না। এর অন্যতম কারণ এনিমের মতো করে লাইভ অ্যাকশন নির্মাণ করা যায় না। তবে একাধিক এনিমে নিয়ে কাজ করছিল নেটফ্লিক্স। এর মধ্যে ওয়ান পিস ছাড়াও আছে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’। কিন্তু সম্প্রতি জানা গেল, অ্যাভাটার নিয়ে নেটিফ্লিক্সের সঙ্গে কাজ করবেন না এর নির্মাতা ব্রায়ান কোনিয়েতজকো ও দান্তে ডিমার্টিনো। দুই বছর নেটফ্লিক্সের সঙ্গে কাজ করার পর তারা এর সঙ্গ ছাড়লেন। 

মূল নির্মাতারা চলে যাওয়ার কারণে একা পড়ে গেছেন অ্যালবার্ট কিম। তিনি অ্যাভাটারের লাইভ অ্যাকশন নির্মাণে মূল দুই নির্মাতার সঙ্গে কাজ করছিলেন। তাদের চলে যাওয়ার বিষয়টি নিয়ে এন্টারটেইনমেন্ট উইকলির কাছে নিজের অবস্থা প্রকাশ করেছেন কিম। তার মতে, মূল নির্মাতারা চলে যাওয়া তার জন্য ভয়ংকর। তিনি বলেন, ‘আমি শুরুতে খুব ইতিবাচক ছিলাম, কিন্তু পরে বিহ্বল হয়ে পড়েছি। এখন মনে হচ্ছে সিরিজটা আমি এভাবে আদৌ নির্মাণ করতে চাই কিনা। মূল সিরিজটি এত জনপ্রিয় যে আমাকে তার চেয়েও ভালো কিছু নির্মাণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি সেটা পারব কিনা।’

নেটফ্লিক্সের সঙ্গে এ সিরিজ নির্মাণের ক্ষেত্রে শুরুতে ব্রায়ান ও দান্তেও খুব আগ্রহী ছিলেন। কিন্তু তারা একসময় দেখলেন লাইভ অ্যাকশনে নেটফ্লিক্স যা নির্মাণ করতে চাইছে তা মূলের তুলনায় অনেক ভিন্ন। একটি বিবৃতিতে ডিমার্টিনো বলেছেন, ‘আমরা ২০১৮ সাল থেকেই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ছিলাম। আমাদের বিশ্বাস ছিল তারা মূল গল্পটি ও তার নির্মাতাদের প্রতি সম্মান রাখবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমাদের আশার সঙ্গে বাস্তবের মিল খুব কম পেয়েছি।’

নেটফ্লিক্সের সঙ্গে এ সিরিজে না থাকার বিষয়টিকে ডিমার্টিনো ‘একটি দুরূহ পেশাগত সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন। কিন্তু মার্টিনো মনে করেন সিরিজটি ভালো হতেও পারে। এ নিয়ে তিনি বলেন, ‘নেটফ্লিক্সের এ লাইভ অ্যাকশনের মধ্যে ভালো সিরিজ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা বিষয় নিশ্চিত করতে পারি। পর্দায় তারা যা নিয়ে আসবে তা আমার ও ব্রায়ানের পরিকল্পনা থেকে ভিন্ন।’

অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার মুক্তি পাওয়ার কথা ২০২৫ নাগাদ। এর নির্মাণ নিয়ে কিম বলেন, ‘আমাদের টিমে যারা আছেন, তারাও মূল এনিমের ভক্ত। লাইভ অ্যাকশন নির্মাণের ক্ষেত্রে আমরা তাই তাদের অভিজ্ঞতার সাহায্য নিয়েছি।’ অর্থাৎ লাইভ অ্যাকশন নির্মাণ হচ্ছে। তবে কবে থেকে কাজ শুরু হবে তা নিয়ে এখনো স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি নেটফ্লিক্স।

সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি