প্রা য় দুই বছরের বিরতির পর আবারো নতুন গানের ভিডিও নিয়ে ফিরলেন নেপালি বংশোদ্ভূত গায়িকা পিংকি ছেত্রী। ‘ছেড়ে যাবো না’ শিরোনামে ডুয়েট গানটিতে পিংকির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেজবা বাপ্পী। কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন পিংকি ছেত্রী ও মডেল তাইসির আহমেদ। গানের সুর ও সংগীতায়োজন করেছেন পীযূষ দাশ। এরই মধ্যে ‘পিংকি ছেত্রী অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
নতুন গান ও ভিডিও নিয়ে পিংকি বলেন, ‘ছেড়ে যাবো না গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। শ্রুতিমধুর গানের কথা, ভিডিওর লোকেশন ও আমাদের অভিনয় সবকিছুতেই নতুনত্ব নিয়ে এসেছি। এর আগে ২০২০ সালে আমার আরেকটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছিল।’
মেজবা বাপ্পী বলেন, ‘গানটি নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার খুব পছন্দের একটা কাজ এটা। দর্শকের ভালো লাগার কথা শুনে আরো ভালো লাগছে।’
অন্যদিকে দুই বছর পর গান নিয়ে আসা প্রসঙ্গে পিংকি জানান, সাধারণত দর্শকের কাছে যে গান যুগের পর যুগ বেঁচে থাকে, তেমন গান করার চেষ্টা করেন। তাই অনেকটা সময় নিয়ে এ গান করা। দর্শক গানটি প্রকাশের পর আরো ভালোভাবে বুঝতে পারবেন কেন দীর্ঘসময় পর নতুন গান নিয়ে আসা। সর্বোপরি গানটি নিয়ে বেশ আশাবাদী এ গায়িকা।










