জিয়াউল ফারুক অপূর্ব ও ইরফান সাজ্জাদ দুই অভিনেতাই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। কয়েক বছর আগে দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন একটি নাটকে। দীর্ঘ বিরতির পর তারা আবারো একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘ডার্ক জাস্টিস’। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন তপু খান। 

একই নাটকে অভিনয় করে অপূর্ব ও ইরফান সাজ্জাদ দুজনই উচ্ছ্বসিত, যা স্পষ্ট হয় তাদের সঙ্গে কথা বলতে গিয়ে। এ নিয়ে জানতে চাইলে অপূর্ব বলেন, ‘ডার্ক জাস্টিসের গল্প ভাবনা আকবর হায়দার মুন্না ভাইয়ের। গল্পটা খুব ভালো লেগেছে আমার কাছে। তপু বেশ যত্ন নিয়ে কাজটি শেষ করেছে। ইরফান তো খুব ভালো অভিনয় করেছে। আগের চেয়ে ইরফান অনেক ম্যাচিউরড। বাকি যারা এতে অভিনয় করেছেন সবাই ভালো করেছেন। আশা করা যায়, নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে।’

এ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘অপূর্ব ভাইয়া নিঃসন্দেহে একজন বড় মাপের অভিনেতা। তিনি তার মেধা, শ্রম ও আন্তরিক চেষ্টা দিয়ে আজকের এ অবস্থানে এসেছেন এবং ধরে রাখার চেষ্টা করছেন। আর এটা বলতে হবে যে অপূর্ব ভাইয়া আমাকে ভীষণ স্নেহ করেন। কাজটি করতে গিয়ে তা যেন নতুন করে উপলব্ধি করেছি। যে ক’দিন কাজ করেছি সে ক’টা দিনই ভীষণ আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন। ধন্যবাদ তপু খানকে এমন একটি কাজের সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। আমি খুবই আশাবাদী কাজটি নিয়ে।’ নাটকটি নিয়ে নির্মাতা জানান, ঢাকার কয়েকটি লোকেশনে এর শুটিং হয়েছে। শিগগির এটি প্রচার করা হবে। সম্প্রতি কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন অপূর্ব। দেশের নাটক ও ওটিটি মাধ্যমেও ব্যস্ত এ অভিনেতা। অন্যদিকে ইরফান সাজ্জাদ অভিনীত ওয়েব ফিল্ম ‘বাবা সামওয়ানস ফলোয়িং মি’-তে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন।