বিশ্বজুড়ে একটি অদ্ভুত মহামারী ছড়িয়ে পড়তে শুরু করেছে। মানবজাতি তাদের একের পর এক ইন্দ্রিয় অনুভূতি হারিয়ে ফেলছে। এমন এক অদ্ভুতুড়ে ভয়ানক গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পারফেক্ট সেন্স’ চলচ্চিত্রটি।

‘পারফেক্ট সেন্স’-এর কাহিনী সুসান ও মাইকেল নামে দুটি চরিত্রকে কেন্দ্র করে নির্মিত। সুসান একজন গবেষক। যিনি তার দল নিয়ে মহামারীর কারণ উদ্ধারের চেষ্টা করছেন। অন্যদিকে মাইকেল পেশায় একজন শেফ। সুসানের ফ্ল্যাটের পাশেই একটি রেস্তোরাঁয় কাজ করে। সুসান ও মাইকেল একে অন্যের সঙ্গে পরিচিত হয় এবং খুব দ্রুতই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। একদিকে তাদের ভালোবাসা যেমন বাড়তে থাকে, অন্যদিক মহামারীটিও বাড়তে থাকে।

আক্রান্ত ব্যক্তিরা এক এক করে নিজেদের ইন্দ্রিয় হারাতে শুরু করে। প্রতিটি ইন্দ্রিয়ানুভূতি হারানোর আগে তীব্র অনুভূতি জেগে ওঠে। প্রথমত, তারা অনিয়ন্ত্রিত কান্নাকাটি শুরু করে এবং শিগগিরই তাদের ঘ্রাণ শক্তি হারিয়ে যায়। স্বাদ গ্রহণের অনুভূতি হারানোর আগে শুরু হয় অযৌক্তিক আতঙ্ক ও উদ্বেগ। এর সঙ্গে অধিক পেটুকতা। এ ছবিতে দেখা যায়, কীভাবে মানুষ তাদের ইন্দ্রিয়ানুভূতি হারানোর পর সেই সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তারা তাদের অবশিষ্ট ইন্দ্রিয়গুলো আগের চেয়ে বেশি করে ব্যবহার করছে। স্বাদ গ্রহণ ও ঘ্রাণের অনুভূতি হারানো এমন মানুষের কাছে পৃথিবীর সব খাবার একই রকম লাগবে। তারা খাবার খাবে শুধু ক্ষুধা মেটানোর জন্য। ছবির একটি দৃশে দেখা যায়, মাইকেল ও তার সহকর্মীরা এমন লোকদের জন্য খাবার রান্না করার চেষ্টা করছেন, যারা গন্ধ বা স্বাদ কোনোটিই পায় না।

শ্রবণ শক্তি হারানোর আগে আক্রন্তরা চরম ক্রোধ ও ক্ষিপ্ততা অনুভব করে। মাইকেলই প্রথম এটার অভিজ্ঞতা অর্জন করে। সে সুসানের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। সুসান ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তার নিজেরও শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। মাইকেলের ক্রোধ ও বাজে ব্যবহারের জন্য সেই অজানা রোগটিই দায়ী। এটা জানা সত্ত্বেও সুসান আর মাইকেলের কাছে ফেরে না।

এত সমস্যার মাঝেও মানুষ বেঁচে থাকার জন্য মানিয়ে চলতে চেষ্টা করে। তারপর একদিন পৃথিবীর প্রতিটি মানুষ হঠাৎ করে আনন্দদায়ক অনুভূতি অনুভব করা শুরু করে। সুসান বুঝতে পারে যে সে এখনো মাইকেলকে ভালোবাসে এবং তার কাছে ছুটে যায়। দুজন একে অন্যকে আলিঙ্গন করে এবং পুরো পৃথিবীর সবাই অন্ধ হয়ে যায়। কারণ সেই আনন্দদায়ক অনুভূতিটি ছিল দৃষ্টিশক্তি হারানোর পূর্বের অনুভূতি।

ডেভিড ম্যাকেনজি পরিচালিত ও কিম ফুপজ আকেসন রচিত ‘পারফেক্ট সেন্স’ চলচ্চিত্রটি ২০১১ সালের সানড্যানস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রদর্শিত হয়েছিল। সে সময় সেরা নতুন ব্রিটিশ ফিচার ফিল্ম হিসেবে এডিনবার্গ ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার জেতে। ছবিটিতে ইভা গ্রিন ও ইওয়ান ম্যাকগ্রেগর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। গ্লাসগো, মেক্সিকো সিটি ও কেনিয়ার আশপাশে বেশ কয়েকটি স্থানে ছবিটির দৃশ্য ধারণ করা হয়েছিল।