চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় ও ভিন্নধর্মী গল্পের নাটকে উপস্থিতির কারণে কয়েক বছর ধরেই তিনি ছিলেন আলোচনায়। নাটকের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তানিয়া বৃষ্টিকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানান, দেরি হলে জটিলতা তৈরি হতে পারত। পরিবারের উদ্যোগে দ্রুত ঢাকার একটি হাসপাতালে তার অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
অপারেশনের পর সেলাই খোলার জন্য আবারো হাসপাতালে যান তিনি। সেলাই খোলা শেষে চিকিৎসক ও নার্সদের সঙ্গে তোলা একটি ছবিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। বর্তমানে রাজধানীর উত্তরায় নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন এ অভিনেত্রী।
অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নির্মাতা, সহশিল্পী, প্রযোজক ও কলাকুশলীদের পাশাপাশি দেশ-বিদেশের অসংখ্য ভক্ত তার সুস্থতা কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়ার আহ্বানও জানানো হয়।
তানিয়া বৃষ্টি জানিয়েছেন, আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তিনি এখন অনেকটাই ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন। সহকর্মীদের অনেকেই খোঁজখবর নিচ্ছেন, যদিও এ মুহূর্তে সবার জবাব দেয়া সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। সবার ভালোবাসা ও মমতা প্রতিনিয়ত অনুভব করছেন বলেও জানান তিনি। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে চান এ অভিনেত্রী।
এদিকে আজ তানিয়া বৃষ্টির জন্মদিন। বিশেষ এ দিনটি তিনি কাটাচ্ছেন বিশ্রামেই। সুস্থ হয়ে আবারো শুটিং ফ্লোরে ফিরবেন—এমন প্রত্যাশায় রয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।
সর্বশেষ তিনি অভিনয় করেছেন ট্রাইব্যুনাল সিনেমায়। পাশাপাশি সাগর জাহানের নির্দেশনায় চোখটা আমাকে দাও ও ছোবল নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।










