দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যস্ততা দেশের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই। এখন দেশের চেয়ে বাইরেই ব্যস্ত থাকেন বেশি। ঢাকা-কলকাতা-ঢাকা করেই কেটে যায় বছরের বড় একটা সময়। গত দুই মাসে বড় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন। এর মধ্যে একটি ইরানি সিনেমা ‘ফেরেশতে’। সম্প্রতি আনন্দলোক পুরস্কার নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। আপাতত কোনো কাজে হাত দিতে চান না। কিছুদিন থাকতে চান বিশ্রামে।

কলকাতা-ঢাকার ক্লান্তিকর এক যাত্রা শেষে বলেন, ‘বেশ কয়েকটা সিনেমা জমে গেছে। কলকাতায় ভূতপরী, অর্ধাঙ্গিনী, পুতুলনাচের ইতিকথাসহ সাত-আটটি সিনেমায় কাজ করলাম। বাংলাদেশেও পেয়ারার সুবাস, বিউটি সার্কাস, বিধবাদের কথা, নকশিকাঁথা জমিনসহ বেশকিছু সিনেমা মুক্তির মিছিলে। গত দুই মাসে বড় দুটি সিনেমার শুটিং করেছি। এখন কিছুদিন বিশ্রাম নেব।’

গত মাসে মুক্তি পেয়েছে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র ঝরা পালক। বাংলা ভাষার জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের বায়োপিক এটি। ছবিটি সপ্তাহ ধরে চলছে কলকাতার বিভিন্ন সিনেমা হলে। এ সিনেমায় কবির স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কবির পরিণত বয়সের ভূমিকায় আছেন ব্রাত্য বসু এবং তরুণ বয়সের চরিত্রে দেখা গেছে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। কবির স্ত্রীর চরিত্রে কাজ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘কবি জীবনানন্দ দাশের মতো এত বড় মাপের একজন মানুষকে তার মৃত্যুর প্রায় ৭০ বছর পর পর্দায় তুলে আনা, সিনেমা বানানো একটা বড় বিষয়। এ সিনেমায় কাজ করতে গিয়ে জীবনানন্দের বিষয়ে নতুন অনেক কিছু জেনেছি। চেষ্টা করেছি লাবণ্য চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার। দর্শকদের কাছে যে সিনেমাটি ভালো লেগেছে, তারা দেখছে, তাই দর্শকদের প্রতি আমার অনেক ভালোবাসা।’

জয়া অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা বিউটি সার্কাস। সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। নির্মাণের দীর্ঘ সময় পর কিছুদিন আগে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। আগামী শুক্রবার মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা। আগামী সেপ্টেম্বরে ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ সিনেমায় উঠে আসবে সার্কাসশিল্পীদের জীবন ও সংগ্রাম। জয়া আহসান বলেন, ‘অনেক কষ্ট করে এ সিনেমার শুটিং করেছি। ছবির জন্য একটি সার্কাস প্যান্ডেলের আয়োজন করা হয়েছিল। আর সার্কাসশিল্পীদের মতো আমিও প্রশিক্ষণ নিয়ে তাদের মতো করে অভিনয় করেছি। কাজটি করতে গিয়ে জীবন ঝুঁকির মধ্যে পড়তে হয়েছিল। তবে সবার শুভ কামনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার সহশিল্পীরাও কষ্ট করেছেন। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

সম্প্রতি ভারত থেকে জিতেছেন আনন্দলোক পুরস্কার। এ পুরস্কারের তাত্পর্য প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জয়া বলেন, ‘বিনি সুতোয় ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এল। দীর্ঘ ১০ বছর পর আবার টলিপাড়ার আনন্দলোকে পুরস্কারের পসরা সাজাল আনন্দলোক। এটি বাংলা চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ পুরস্কার। এটা আনন্দবাজার গ্রুপের। শত বছর হয়ে গেল প্রায়। যেকোনো জিনিস যত পুরনো হয়, সেটার ভার তত বেশি হতে থাকে। পুরস্কারটির জন্য যোগ্য সবাই মনোনয়ন পেয়েছিলেন। তারা সবাই কলকাতার মানুষ। আমি তো ওখানকার মানুষ নই। বাংলাদেশের হয়ে সম্মানজনক পুরস্কারটি হাতে তুলতে পারলাম, দেশে নিয়ে এলাম। এ পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে।’