সিনেমা নিয়ে কোনো রকম দায় অভিনেতার নেই বলে মনে করেন ইমান ভেলানি। সম্প্রতি মুক্তি পেয়েছে ইমান অভিনীত মার্ভেলের সিনেমা ‘‌দ্য মার্ভেলস’। ‘‌এমসিইউ’র (মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স) ইতিহাসে সর্বনিম্ন ওপেনিং পেয়েছে সিনেমাটি। এ নিয়ে নানা সময় অভিযোগ শুনতে হচ্ছে ইমানকে। কিন্তু মজার ব্যাপার, সিনেমাটি মূলত ইমানের নয়। দ্য মার্ভেলসের গল্পটা মূলত ক্যাপ্টেন মার্ভেলকে কেন্দ্র করে। মিস মার্ভেল চরিত্রে বরাবরের মতো অভিনয় করেছেন ব্রি লারসন। কিন্তু মিস মার্ভেল টিভি সিরিজের সাফল্য বা এ সিনেমায় একই চরিত্রে ইমানের উপস্থিতি তার প্রতিও প্রশ্ন তুলছে। এর উত্তরে তিনি বলেন, ‘‌যার ওপর আমার নিয়ন্ত্রণ নেই, তা নিয়ে আমাকে প্রশ্ন করা কেন? এটা বরং বব ইগার ভালো বলতে পারবেন।’

ডিজনির সিইও বব ইগারের কোর্টে বল ছুড়ে দিয়ে ইমান আরো বলেন, ‘‌বক্স অফিস নিয়ে তো আমার কিছু করার নেই। যে সিনেমা তৈরি হয়েছে তা নিয়ে আমি খুশি। চেষ্টা করেছি আমার সেরা কাজটা করতে। আর আমার মনে হয়, দর্শক সিনেমাটা পছন্দও করেছে। আমরা (অভিনেতারা) কেবল ভালো অভিনয় করতে পারি আর নিশ্চিত করতে পারি দর্শক তা উপভোগ করবেন।’ সিনেমাটি সত্যিই দর্শকরা উপভোগ করেছেন। মার্ভেলের অন্যান্য সিনেমার মতো দ্য মার্ভেলস নিয়ে অনেক বেশি আলোচনা ছিল না। বব ইগারের কথা ইমান বলার একটি কারণ হতে পারে সিনেমাটি নিয়ে ডিজনির করা স্বল্প প্রচারণা। অন্য সিনেমার তুলনায় এটি নিয়ে কমই প্রচার চালিয়েছে ডিজনি। কিন্তু তার পরও যারা সিনেমা দেখেছেন, তারা অভিনয় ও ভিএফএক্সের প্রশংসা করেছেন।

সিনেমায় অভিনয় ও কনটেন্ট প্রসঙ্গে কামালা খানের চরিত্রে অভিনয় করা ইমান বলেন, ‘‌সিনেমায় সুপারহিরোরা ছিল, কিন্তু তার চেয়ে বেশি মনোযোগ দেয়া হয়েছে তাদের সম্পর্কের ওপর। আর সেখানে সিনেমাটা ভালোই করেছে। আমি খুশি যে এ সিনেমার অংশ হয়েছি।’

দ্য মার্ভেলস মুক্তির পর ওপেনিংয়ে আয় করেছে ৪ কোটি ৭০ লাখ ডলার। এর আগে এমসিইউতে সর্বনিম্ন ওপেনিং ছিল দ্য ইনক্রেডিবল হাল্কের। কিন্তু তখনো এমসিইউ এত জনপ্রিয় হয়নি। ২০০৮ সালের পর এ রকম অবস্থা দেখা যায়নি। এর বিবিধ কারণ আছে। ইমান বা ব্রি লারসনকে এর জন্য দোষ দেয়া যায় না। মার্ভেল যেভাবে গল্পের গতি বদলাচ্ছে তাতে এমন হওয়ারই কথা। সবাই পছন্দ করছে না মার্ভেলের এখনকার গল্প। এ প্রসঙ্গে ইমানের একটা কথা উল্লেখ করা যায়। তিনি বলেন, ‘‌হাই স্কুলে থাকতে দেখেছি, আমি হয়তো একটা বিষয় নিয়ে খুব উচ্ছ্বসিত। কিন্তু যাকে বললাম গল্পটা, তার একদমই ভালো লাগল না।’

সূত্র: ভ্যারাইটি