আজ বৃহস্পতিবার অভিনেতা চঞ্চল চৌধুরী ও তাঁর স্ত্রী শান্তার বিবাহবার্ষিকী। এ বিশেষ দিনটি উপলক্ষে গতকাল বুধবার রাতে ফেসবুকে নিজেদের পুরনো একটি ছবি শেয়ার করেছেন চঞ্চল। অভিনেতা ছবিটির সঙ্গে লিখেছেন নিজের ভুলে যাওয়ার ‘অসুখ’-এর কথা।
চঞ্চল লিখেছেন, ‘এই ছবিটা অনেক বছর আগের… আজ থেকে প্রায় পনেরো বছর আগের। সম্ভবত কোনো এক পত্রিকার ফটোসাংবাদিক বাসায় এসে তুলেছিলেন। ছবিতে আমাকে, আমার স্ত্রী শান্তা এবং একমাত্র পুত্র শুদ্ধকে দেখা যাচ্ছে। শুদ্ধ তখন অনেক ছোট… আর আমিও বড় ছোট ছিলাম! আসল কথাই বলতে ভুলে গেছি… আজ আমাদের বিবাহবার্ষিকী, সেটাও ভুলে গেছিলাম। কততম, সেটা ঠিক মনে নেই! শান্তা কিছুক্ষণ আগে দুটো শব্দ লিখে মনে করাল, তখন ভেতরে-ভেতরে লজ্জা আর কিছুটা অপরাধবোধও কাজ করছিল।’
এরপর চঞ্চল নিজের ভুলে যাওয়ার অসুখের কথাও জানিয়েছেন, ‘আমার মনে ছিল না, প্রায়ই এমনটা ঘটে। অভিনেতা হিসেবে এখন পর্যন্ত অনেকটা সফল হলেও পারসোনাল লাইফে অনেকটা অসফলতা রয়েছে। ভুলে যাওয়াটা আমার একটা অসুখ। এত কিছুর পরও হেড অফিস থেকে বড় কোনো অভিযোগ আসেনি বলেই… এখনো টিকে আছি।’
পোস্টের শেষে চঞ্চল স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সর্বশেষ পর্দায় চঞ্চলকে দেখা গেছে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই সিনেমা ‘উৎসব’ ও ‘ইনসাফ’-এ। ‘উৎসব’-এ তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন, আর ‘ইনসাফ’-এর শেষ দৃশ্যে অতিথি চরিত্রে হাজির হয়েছেন, ভয়ংকর এক খলনায়ক হিসেবে। দুই সিনেমাতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।









