বাংলাদেশের নন্দিত অভিনেত্রী পূর্ণিমা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাঝে সিনেমা থেকে একটু দূরে ছিলেন। কিন্তু এবার পেশাগত কাজে ফিরতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন। ঈদের আগে সিডনি থেকে ফিরেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, মূলত পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতেই অস্ট্রেলিয়া থেকে দ্রুত দেশে চলে আসেন। এবার কাজের দিকে মনোযোগ দেবেন তিনি। 

ঈদে মুক্তি পেয়েছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। এখন পর্যন্ত সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার সময় করে উঠতে পারেননি পূর্ণিমা। তবে অভিনয় নিয়ে নতুন করে ভাবছেন। অনতিবিলম্বে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। 

পূর্ণিমা বলেন, ‘অনেকেই মনে করছেন আমি দেশে নেই বা আমি হয়তো অভিনয়ে কিংবা পাশাপাশি অন্যান্য কাজে অনিয়মিত। কিন্তু বিষয়টা আসলে একদমই তা নয়। সিডনিতে গিয়েছিলাম আমার স্বামীর একটি জরুরি কাজে। সেখানে কাজ শেষে কিছুটা সময় নিজেদের মতো করে ঘুরে বেড়িয়েছি। এরপর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের আগেই ঢাকা চলে এসেছি। অভিনয় যেহেতু আমার পেশা, অবশ্যই আমি ভালো গল্প পেলে অভিনয় করব।’ 

সিনেমায়ই ফিরবেন পূর্ণিমা এমন নয়। অন্য কোনো মাধ্যমেও ফিরতে পারেন। এ নিয়ে তিনি বলেন, ‘হতে পারে সিনেমায়, হতে পারে তা ওটিটি প্লাটফর্মের জন্য। মূলকথা আমি ভালো গল্পে কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। গল্পসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় যদি ব্যাটে-বলে মিলে যায়, তাহলে যেকোনো মুহূর্তেই আমি আবার পুরোদমে কাজে ফিরতে পারি।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও তিনি নিয়মিত। এ নিয়ে পূর্ণিমা বলেন, ‘যেহেতু এখন স্টেজ মৌসুমও শুরু হয়ে গেছে, উপস্থাপনাটাও নিয়মিত করার ইচ্ছে আছে। আমি আমার পেশাগত কাজের দুনিয়া থেকে দূরে থাকতে চাই না। এ জায়গা আমার পরম ভালো লাগার, ভালোবাসার। এখানেই নিয়মিত কাজ করতে চাই।’ 

পূর্ণিমা জানান, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার আর একটি গানের কাজ বাকি। শিগগিরই এটি শেষ করার কথা।