ঈদে মুক্তি পাওয়া পরাণ ও চলতি সপ্তাহে মুক্তি পাওয়া হাওয়ার জোয়ার বইছে। দীর্ঘদিন পর টিকিট কাউন্টারে দেখা মিলছে উপচে পড়া দর্শকের। বাংলা সিনেমা থেকে বিদায় নেয়া টিকিট কালোবাজারিও ফিরে এসেছে। টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে অনেক দর্শক। হাওয়ার দর্শক সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঢাকার বুড়িগঙ্গার তীরে অবস্থিত মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসের কর্তৃপক্ষকেও। তাই হলিউড সিনেমা ‘থর’ নামিয়ে প্রেক্ষাগৃহটিতে বাড়ানো হয়েছে হাওয়া সিনেমার শো। রোববার মাল্টিপ্লেক্সটি জানায়, শুক্রবার থেকে হাওয়ার প্রতিদিন চারটি করে শো চলছিল। অন্যদিকে হলিউডের থর সিনেমার প্রতিদিন তিনটি করে শো চলছিল। কিন্তু দর্শকদের চাহিদায় থরের তিনটি শো বন্ধ করে সে জায়গায় হাওয়া চালানো হচ্ছে। এ নিয়ে প্রেক্ষাগৃহটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা আব্দুল খালেক বলেন, মূলত দর্শক চাপেই থরের শো বন্ধ করে হাওয়ার শো বাড়ানো হয়েছে। সিনেমাটির দর্শক জনসমাগম বেশি হওয়ার কারণে আমাদের থ্রিডি হলে আমরা তিনটি বিশেষ শো বাড়িয়ে দিয়েছি। তাই আপাতত থরের শো বন্ধ করে দিয়েছি। হাওয়ার ধাক্কা শুধু হলিউড সিনেমার ওপরই পড়ছে না।
গত শুক্রবার সারা দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হাওয়া। সিনেমার সাদা সাদা কালা কালা গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই সিনেমাটি দেখার জন্য দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়।
মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির গল্পে গড়ে উঠেছে মাঝসমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনী তরুণীর আগমনকে ঘিরে। রহস্যময়ী চরিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি। আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এছাড়া সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান, বাবলু বোসসহ আরো বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেছেন।










