রোববার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, শাহেদ শরীফ খান, মুকুল সিরাজ, সুষমা সরকার, সাজু খাদেম, প্রাণ রায়, অবিদ রেহান, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, মানসী প্রকৃতি, ওয়ালিউল হক রুমি, করভী মিজান, ম আ সালাম, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

এ নাটকের গল্প গ্রামের প্রেক্ষাপটে। গল্পে দেখা যাবে, ঝাটিবেলাই গ্রামের দুই যুবক মধু ও মতি নামে দুই বন্ধুর গল্প। বাবা-মা নেই তাদের। তাদের রেখে যাওয়া সম্পত্তি দিয়ে জীবন চলে তাদের। গুলতানি মেরে দিন কেটে যায়। এরই মধ্যে নদীতে একটি লাশ ভেসে ওঠে। এর আগেও কয়েকবার গ্রামের নদীতে এ রকম লাশ পাওয়া গেছে। এর মধ্য দিয়ে গ্রামে তৈরি হয় চাঞ্চল্য। এগিয়ে যায় নাটকের গল্প।

বাংলাদেশর টিভি নাটকের পরিচিত ধারার গল্প হলেও ধারাবাহিকটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে এরই মধ্যে। কেননা গোলাম সোহরাব দোদুল গুণী নির্মাতা। পাশাপাশি নাটকে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতা ওয়ালিউল হক রুমিকে। মৃত্যুর আগে নাটকটির কাজ করে গেছেন তিনি।