অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা মীর সাব্বির প্রথম সিনেমা নির্মাণ করেও সমাদর পেয়েছিলেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’, পাশাপাশি সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও করেছিলেন তিনি। আর এ সিনেমায়ই অভিনয় করে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অভিনেতা, নাটক ও চলচ্চিত্র পরিচালক মীর সাব্বির। এর পর থেকেই প্রশ্ন আসে ফের কবে নতুন সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। জবাবটা মিলল গতকাল। মীর সাব্বির জানান, আগামী বছর তিনি নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।

এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমার নতুন সিনেমার গল্প প্রস্তুত। একটু সময় নিয়ে কাজ ধীরে ধীরে গুছিয়ে নিয়ে আসছি। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ নতুন বছরেই আমার নতুন সিনেমা অর্থাৎ আমার পরিচালিত দ্বিতীয় সিনেমার কাজ শুরু করব। আবার সবকিছু ঠিকঠাক থাকলে এ সিনেমায় অভিনয়ও করতে পারি। আমি পূর্ণ প্রস্তুতি নিয়েই পরের সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। আগের সিনেমার ভুলত্রুটি মাথায় রেখে পরবর্তীটির প্রি-প্রডাকশনের কাজ চলছে। কারণ দ্বিতীয় সিনেমায় কোনো রকম ছাড় দিতে চাই না।’

আসন্ন সিনেমায় কারা অভিনয় করতে যাচ্ছেন জানতে চাইলে মীর সাব্বির বলেন, ‘সিনেমায় কে কোন চরিত্রে অভিনয় করবেন সবই আমার মাথায় আছে। সময় হলেই সবাইকে চূড়ান্ত করে সবকিছু জানান দেব ইনশাআল্লাহ। আপাতত আমি অভিনয় নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি আমার নতুন সিনেমা নিয়েও ব্যস্ত আছি। দেখা যাক, সময় হলেই চূড়ান্ত ঘোষণা দেব।’

সিনেমায় নাম লেখালেও ছোট পর্দায়ও নিয়মিত অভিনয় করছেন মীর সাব্বির। একক ও ধারাবাহিক নাটকে দেখা মেলে এ অভিনেতার। ব্যস্ততা নিয়ে জানতে চাইলে তিনি জানান, আজ কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন তিনি।