নাটক দিয়েই অভিনয় শুরু করেছিলেন মোশাররফ করিম। সিনেমা ও ওয়েব মাধ্যমের পাশাপাশি নাটকেও নিয়মিত এ অভিনেতা। সম্প্রতি তিনি একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটকের নাম ‘নেশার লাটিম’। এ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করবেন সামিরা খান মাহি। এর আগেও একটি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তারা। দুই বছর পর ফের একসঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম ও মাহি।
নেশার লাটিম নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। রচনা করেছেন চয়ন দেব। নাটকে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও মাহমুদুল ইসলাম মিঠু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ নাটকের গল্পটা বস্তিবাসীদের। একটা লোক মূলত নেশায় আসক্ত। সে লোকটার দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে স্ত্রীর যে দ্বন্দ্ব, তাতে সংসার জীবনে অশান্তিই লেগে থাকে সারাক্ষণ। একই সঙ্গে বস্তিতে থেকে তারা আশপাশের মানুষের কাছ থেকে অবহেলা পায়। বস্তির মানুষ সমাজের অন্যান্য মানুষকে আসলে কীভাবে দেখে সেটা এখানে দেখা যাবে। আমরা সত্যিকার অর্থেই একজন মানুষ আরেকজন মানুষের ভালো চাই কিনা সে বিষয়টি এ নাটকের গল্পে দেখানো হয়েছে। সব মিলিয়ে নাটকের গল্পটা সুন্দর।’
নির্মাতা ও সহশিল্পী প্রসঙ্গে বলতে গিয়ে মোশাররফ করিম বলেন, ‘সোহেলের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবগুলোতেই সে ভালো করার চেষ্টা করেছে। এবারের নাটকেও ভালো করার চেষ্টা করেছে। মাহির মধ্যেও এই চেষ্টা আছে। নাটকটি দর্শকের ভালো লাগবে।’
অন্যদিকে নেশার লাটিম নাটক প্রসঙ্গে জানতে চাইলে সামিরা খান মাহি বলেন, ‘মোশাররফ ভাইয়ার সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সেটে নানা ধরনের কারেকশন তিনি নিজেই বুঝিয়ে দেন। গত দুই বছর অভিনয়ে আমি যা শিখতে পারিনি, মোশাররফ ভাইয়ের সঙ্গে আরেকটি নাটকে অভিনয় করে তা শেখার চেষ্টা করেছি। তিনি সত্যিকার অর্থেই ভীষণ সহযোগিতাপরায়ণ। শিল্পী দিদিও ঠিক তাই।’
অন্যদিকে শিল্পী সরকার অপু বলেন, ‘মোশাররফ করিম নিজেই অভিনয়ের একটা প্রতিষ্ঠান। তার সঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা। মোশাররফ সবাইকে নিয়ে কাজটা ভালো করতে চায়, শুধু একা ভালো করতে চায় না। আর মাহির সঙ্গে কাজ করেও ভালো লাগে। আমরা সবাই মিলে আনন্দ নিয়ে কাজটা করেছি, দর্শকও নাটকটি দেখতে গিয়ে আনন্দের সঙ্গে অনেক কিছু বুঝতে পারবেন বলে আমি মনে করি।’
নাটকের গল্পটা যেহেতু বস্তিতে থাকা মানুষ নিয়ে, তাই এর পুরো শুটিং করা হয়েছে উত্তরার একটি বস্তিতে। গত শনিবারেই নাটকটির শুটিং পর্ব শেষ হয়েছে বলে জানান নির্মাতা। এ নাটকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে ছোট পর্দা ও বড় পর্দার পরিচিত মুখ মাহমুদুল ইসলাম মিঠুকে। মিঠু জানান, নেশার লাটিম নাটকের গল্পটা দারুণ। তার চরিত্রটা একটু আলাদা মেজাজের বলেও জানান এ অভিনেতা। এর প্রচার নিয়ে জানতে চাইলে নির্মাতা জানান, শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।
মোশারফ করিম দুই বাংলায় সমান জনপ্রিয়। সম্প্রতি এ অভিনেতা শেষ করেছেন ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘হুব্বা’র কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম আর কলকাতা পুলিশের বেশে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। সিনেমাটি আগামী বছরের ১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে এর টিজারে একেবারে ভিন্নভাবে দেখা মিলেছে মোশাররফ করিমের। এ সিনেমায় তার লুকের প্রশংসা করেছে দুই বাংলার দর্শকও। এছাড়া নাটক ও ওয়েব সিরিজ নিয়েও মোশাররফ করিমের ব্যস্ততা চলছে।










