‘আলী যাকের নতুনের উৎসব’ শিরোনামে ছয়দিনের নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়। সেজন্য সৃজনশীল ও উদ্যমী পাঁচটি নাট্যদলকে নতুন নাটক মঞ্চে আনার জন্য প্রণোদনা দেয়া হচ্ছে।
১৯৭৩ সালে সর্বপ্রথম বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নিয়মিত মঞ্চ নাটকের যাত্রা শুরু করেছিল নাগরিক নাট্য সম্প্রদায়। ২০১৯ সালে বাংলাদেশের নাট্যান্দোলনে এক নতুন মাত্রা যুক্ত করে নাগরিকের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নতুনের নাট্যোৎসব। মহামারীর সময় পার করে এবারো প্রণোদনা প্রদানের মাধ্যমে পাঁচটি দলের পাঁচটি নতুন নাটক নিয়ে নতুনের নাট্যোৎসব যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২১ জানুয়ারি শুরু হচ্ছে আলী যাকের নতুনের উৎসব। এ উৎসব উদ্বোধন করবেন ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলী যাকের নতুনের উৎসব ২০২৩-এর আহ্বায়ক সারা যাকের।
ছয় দিনব্যাপী এ উৎসবে প্রণোদিত পাঁচটি নাটক হলো হৃৎমঞ্চ রেপারটরির ‘রিমান্ড’, থিয়েটার ফ্যাক্টরির ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিটিউট’, বটতলার ‘সখী রঙ্গমালা’, তাড়ুয়ার ‘আদম সুরত’ ও প্রাচ্যনাটের ‘অচলায়তন’।










