পারসেপোলিস সিনেমায় আমরা দেখি এক বিপ্লবী তরুণী মারজেন সত্রপিকে, যে হতে চায় পৃথিবীর শেষ ত্রাতা, শিষ্য হতে চায় ব্রুস লির, যে তার সংকটের সময় কথা বলে স্বয়ং ঈশ্বরের সঙ্গে, সর্বহারাদের মুক্তির নেতা কার্ল মার্ক্সের সঙ্গে।

অথচ গতানুগতিক চলচ্চিত্রে দেখি নারীর ভিন্ন রকম উপস্থিতি। হোক সেটা রোমান্টিক, হরর, অ্যাকশন কিংবা নিরীক্ষাধর্মী বা আঁভা-গার্দীয় চলচ্চিত্র, হোক সেটা হলিউড, বলিউড কিংবা ঢালিউডের চলচ্চিত্র। নারী যেন কেবল সৌন্দর্যের জন্য উপস্থিত। নারীবাদী চলচ্চিত্র তাত্ত্বিক লরা মালভি বলেন, সিনেমায় পুরুষের তুষ্টিকে সর্বোচ্চকরণে নারীকে ব্যবহার করা হয় (মালভি, ১৯৭৫)। নারীকে কীভাবে ফ্রেমের মধ্যে রাখা হচ্ছে, তার শরীরের কোথায় আলো ফেলা হচ্ছে, কীভাবে ফেলা হচ্ছে, নারীকে কী পোশাকে ক্যামেরায় আনা হচ্ছে, কোন অ্যাঙ্গেলে তাকে দেখানো হচ্ছে তা বিশ্লেষণ করলে বোঝা যায় নারীর উপস্থাপনটা মূলত পুরুষের তুষ্টির জন্য। এমনকি নারী দর্শককেও বাধ্য করা হয় ‘মেল গেজ’-এর চশমা লাগিয়ে পর্দার নারীকে দেখতে, যার ঘোরতর সমালোচনা করেছেন মালভিসহ অন্যান্য নারীবাদী তাত্ত্বিক। নারীবাদী এ তাত্ত্বিকরা এ ধারা ভেঙে নারীবাদী নন-ন্যারেটিভ সিনেমার কথা বলেন, যেখানে মূলধারার চলচ্চিত্রের গল্পের বিভ্রম ভেঙে নারীর অবস্থান, তার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি, তার সমস্যা ও জীবনকে প্রতিফলিত করে।

পারসেপোলিস নারীবাদী রাজনৈতিক চেতনায় নির্মিত গতানুগতিক প্রথা ভেঙে দেয়া সে রকমই একটি সিনেমা। এখানে নির্মাতারা নারীর বিশ্ব দেখার অবস্থান, সমাজে চলতে ফিরতে মুখোমুখি হওয়া সমস্যা এবং পছন্দ-অপছন্দের বিষয় উঠিয়ে এনেছেন। সত্রপির শেষ জামানার ত্রাতা হতে চাওয়া, ব্রুস লির শিষ্য হতে চাওয়া ইত্যাদি ইচ্ছা প্রকাশ তাই পুরুষতান্ত্রিকতার দম্ভে সজোরে আঘাত।

ভিন্ন ঢঙের অ্যানিমেটেড সিনেমাটি মারজেন সত্রপির একই নামের আত্মজীবনীমূলক কমিক উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। সত্রপি ও ভিনসেন্ট প্যারোনডের লেখায় ও পরিচালনায় চলচ্চিত্রটির নামকরণ হয়েছে ইরানের ঐতিহাসিক পারসেপোলিস শহরের নামানুসারে। ইরানে বিপ্লব চলাকালীন এক ছোট্ট মেয়ের বেড়ে ওঠার গল্প আছে এতে। কান চলচ্চিত্র উৎসবে জুরি প্রাইজ অর্জন করে এটি, কিন্তু অস্কারের জন্য মনোনীত হলেও র্যাটাটুলির কাছে হেরে যায়।

গল্পের প্রেক্ষাপট হচ্ছে ইরানের বিপ্লবপূর্ব ও বিপ্লবোত্তর সমাজ, বিপ্লবের ফলাফলস্বরূপ যে নতুন শাসন ব্যবস্থা আসে তার মাধ্যমে নারীদের ওপর শুরু হওয়া নিষ্পেষণ। যে শাহবিরোধী আন্দোলনের মাধ্যমে সমাজের আর অনেকের মতো মারজেনের পরিবার একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে একটি শোষণহীন, নিষ্পেষণহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই আন্দোলনের ফলাফল হিসেবে আসে ধর্মীয় প্রজাতন্ত্র। নতুন শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পর নারীর ওপর আরোপিত হয় নানা বিধিনিষেধ। আর এর বিরুদ্ধে কেউ কিছু না বললেও সত্রপিকে প্রতিবাদ করতে দেখা যায়। সত্রপির প্রতিবাদ এবং স্পষ্টভাষিতার কারণে তার বাবা-মা দুশ্চিন্তায় পড়ে যান এবং তাকে শেষমেশ বাধ্য হয়ে ইউরোপে পাঠান পড়ালেখার জন্য। কিন্তু ইউরোপে গিয়ে সে দেখতে পায় ভিন্ন চিত্র। সেখানে স্বাধীনতা আছে, কিন্তু মারজির ভাষায় তা—They take freedom for granted। অথচ ইরানে স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিতে প্রস্তুত। ভেবেছিল পশ্চিমা দেশে হয়তো সে যা খুঁজছিল তা পেয়ে যাবে, কিন্তু তা হয়নি। এখানেও তার স্পষ্টভাষিতা তার জন্য দ্বন্দ্ব আর একাকিত্বই বয়ে আনে। এর আট বছর পর সে আবার ইরানে ফেরে এবং এর পর পরই শুরু হয় সিনেমার কাহিনীর বিস্তার, যা জানার জন্য পাঠককে দেখতে হবে সিনেমাটি।

একটি রাষ্ট্র কীভাবে পুরুষতান্ত্রিক হতে পারে, মানুষের জীবনকে, বিশেষ করে নারীদের নিয়ন্ত্রণ করতে পারে তার অন্যতম দলিল হচ্ছে পারসেপোলিস। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালকদ্বয় এ ব্যবস্থার প্রতিবাদ জানিয়েছেন। দুর্নীতি, অযোগ্য লোকদের দুঃশাসন, মনোবৈকল্য, ডাবল স্ট্যান্ডার্ড নীতি প্রভৃতির তীব্র সমালোচনাও উঠে এসেছে এখানে। কেবল তা-ই নয়, ইরানে যেখানে মানুষ ব্যক্তিস্বাধীতার জন্য জীবন দিচ্ছে তার বিপরীতে কেবল আধেয়র দিক থেকেই নয় ফর্মের দিক দিয়েও চলচ্চিত্রটি বেশ প্রতিবাদী হয়ে উঠেছে। এমনটা কোনো সাধারণ অ্যানিমেটেড সিনেমায় দেখা যায় না। সিনেমাটিকে উদ্দেশ্যমূলকভাবে অ্যানিমেটেড করে বানানো হয়েছে যেন পৃথিবীর যেকোনো দর্শকের কাছেই চরিত্র ও জায়গাগুলোকে বিদেশী বা ভিনদেশী বলে মনে না হয়। যেন এটা দর্শক বুঝতে পারে এমন ধরনের রাষ্ট্রযন্ত্রের চেহারা সবখানে একই রকম হয়।

নারীর ইচ্ছা-আকাঙ্ক্ষা, তার ভালো লাগা মন্দ লাগা, সমাজে চলতে গিয়ে মুখোমুখি হওয়া সমস্যাগুলোর প্রতিফলন রয়েছে সিনেমায়। ফলে সবদিক মিলিয়ে পারসেপোলিস একটি অনবদ্য নারীবাদী কাউন্টার সিনেমা।

 

লেখক: সহকারী অধ্যাপক, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ