দুরন্ত টিভিতে আসছে স্কুলভিত্তিক কুইজ শো সবজান্তা। সারা দেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। প্রতি পর্বে পঞ্চম ও ষষ্ঠ শ্রেনীর চারজন শিক্ষার্থীর দুটি দল নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান বিজয়ের লড়াই ও গ্র্যান্ড ফিনালে মিলে মোট ৬৫ পর্বে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম রয়েছেন এ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে।

সবজান্তা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। অনুষ্ঠানটি সম্প্রচার হবে আজ দুরন্ত টিভির পর্দায়। রোববার থেকে বৃহস্পতিবার বেলা ২টা ও রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুরন্ত টিভির পক্ষ থেকে জানানো হয়, জানা বা জ্ঞানার্জন কোনো ভয়ের বিষয় নয়, বরং সেটা যে আনন্দের, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। কুইজে স্কুলের পড়ার বইয়ের প্রশ্ন আর সাধারণ জ্ঞানের পাশাপাশি উঠে এসেছে মজার ধাঁধা, শব্দজট ও বুদ্ধিদীপ্ত বিভিন্ন প্রশ্ন।

সবজান্তা অনুষ্ঠানের প্রতি পর্বে পাঁচটি রাউন্ড। ‘গোলকধাঁধা—যেখানে থাকবে বিভিন্ন মজার মজার ধাঁধা। পড়ার বইয়ের প্রশ্ন থাকবে ‘বইপোকা’ রাউন্ডে। ‘খেয়ালখুশি’ রাউন্ডে রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন; ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয় বেছে নিয়ে উত্তর দেয়ার সুযোগ রয়েছে এ রাউন্ডে। বিভিন্ন শব্দজট, বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে ‘মগজধোলাই’ রাউন্ডটি। ‘বুদ্ধির বাতি’ হলো সাধারণ জ্ঞানবিষয়ক বাজার রাউন্ড। এছাড়া থাকবে দ্রুত প্রশ্ন-উত্তরের রাউন্ড ‘চটজলদি’। 

প্রশ্ন, ধাঁধা আর বুদ্ধির এ মজার লড়াইয়ে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান বিজয়ী দলকে দেয়া হবে এক বছরের শিক্ষাবৃত্তি। এছাড়া পুরস্কার হিসেবে সব দলের সদস্যরা পাবে দুরন্ত স্মারক, সার্টিফিকেট ও বই।