দীর্ঘ বিরতির পর নতুনরূপে মঞ্চে আসছে অনুস্বর নাট্যদলের পঞ্চম ও ষষ্ঠ প্রযোজনা ‘জীবন’ ও ‘হুতাশ মরণ’ নাটক দুটি। নাটক দুটি দর্শকপ্রিয়তার কারণেই ফের মঞ্চে আসছে বলে জানান অনুস্বর। দর্শকের আগ্রহের কথা ভেবেই আজ ও আগামীকাল রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত অনুস্বরের নিজস্ব স্টুডিওতে নাটক দুটির চারটি প্রদর্শনী হবে। বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে নাটক দুটির প্রদর্শনী। 

মৃগাঙ্ক ভট্টাচার্যের গল্প অবলম্বনে ‘জীবন’ নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নাটকটি নিয়ে সুমন জানান, প্রতিটি মানুষের জীবন শুরু হয় অসম্ভব ও অপ্রত্যাশিত আনন্দ আয়োজন দিয়ে। মৃত্যু পর্যন্ত পৌঁছাতে মানুষকে যে যে ঘটনার সম্মুখীন হতে হয়, তাতে আনন্দের রং বদলাতে বদলাতে রং বদলে যায়। রংচটা জীবনে আনন্দের মুহূর্তটুকু যত সময় স্থায়ী হয় ওইটুকুই মূল জীবন! ভিন্ন ধাঁচের এমনই আনন্দ মুহূর্ত নিয়ে নাটক ‘জীবন’। 

অন্যদিকে সংগৃহীত গল্প থেকে ‘হুতাশ মরণ’ নাটকের নাট্যরূপ দিয়েছেন ড. মোহাম্মদ বারী, নির্দেশনা সাইফ সুমনের। নাটকটি নিয়ে সুমনের বক্তব্য, পেশাগত দায়, পেটে-ভাতের কর্তব্য মেটাতে গিয়ে আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট সুখানুভূতির রেশ অনুভব করতে পারি না। তাই জীবন আমাদের কাছে নিয়তই যেন এক দাপ্তরিক ফাইল হয়ে ওঠে। এমনই এক বিশেষ অনুভূতি নিয়ে নাটক ‘হুতাশ মরণ’। 

নাটক দুটির প্রদর্শনী প্রসঙ্গে অনুস্বর নাট্যদলের পক্ষ্য থেকে জানানো হয়,

‌অনুস্বরের নিজস্ব স্টুডিওতে একই টিকিটে একসঙ্গে দুটি নাটক দেখতে পারবেন দর্শক। টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ ও ৩০০ টাকা। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত অনুস্বর স্টুডিও। মঞ্চ সংকট কাটিয়ে নিয়মিত প্রদর্শনীর কথা ভেবেই অনুস্বরের নিজস্ব স্টুডিও। যেখানে মহড়াসহ দলীয় নানা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত প্রদর্শনী হচ্ছে।