আগামীকাল শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘‌নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানটি সামনে রেখে এ উৎসবের ২২তম আসর চলবে নয়দিন। চলচ্চিত্র উৎসবটি কেন্দ্র করে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উৎসবের সভাপতি কিশওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। এতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিধান রিবেরু, জালাল আহমেদসহ আরো অনেকে। 

সংবাদ সম্মেলনে পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, আগামীকাল বিকাল ৪টায় পর্দা উঠছে দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম এমপি। সংবাদ সম্মেলনে আহমেদ মুজতবা জামাল বলেন, ‘রেইনবো চলচ্চিত্র সংসদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনে সংশ্লিষ্ট থেকে সৎ চলচ্চিত্র প্রদর্শন সংস্কৃতি বিকাশে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। এ আন্দোলনের অংশ হিসেবে ১৯৯২ সাল হতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সর্বাধিক মর্যাদাসম্পন্ন ও উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব, যা দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে বলে আমরা মনে করি। এ উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেয়াই এ আন্তর্জাতিক উৎসবের মূল লক্ষ্য।’

শ্যামল দত্ত বলেন, ‘এ দেশের অন্যতম অংশ হচ্ছে সংস্কৃতি। আমাদের দেশে জিডিপি বাড়লেও সংস্কৃতি খাতে যে মনোযোগ দরকার, তা নিয়ে কারো ভ্রুক্ষেপ নেই। আমাদের মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক লড়াই ছিল অন্যতম প্রধান হাতিয়ার। অথচ আমরা এখন সংস্কৃতিকেই গুরুত্ব দিচ্ছি না। এদিকে নজর দিতে হবে।’ 

এবারের উৎসবের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে আহমেদ মুজতবা জামাল বলেন, ‘‌এ চলচ্চিত্র উৎসব করতে গিয়ে প্রতিবারই হিমশিম খেতে হয়। গতবারও আমরা অর্থ সংকটের মধ্য দিয়ে গেছি, তবে এবার সে সংকেত আরো প্রকট হয়েছে। চলচ্চিত্র উৎসবটি এগিয়ে নিয়ে যেতে সরকারের পৃষ্ঠপোষকতা খুব দরকার এ সময়ে এসে।’

নয় দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৪টি দেশের প্রায় ২৫০ চলচ্চিত্র। ২০২৪ সালের এ উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল ৪টায় দেখানো হবে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান অভিনীত ‘‌ফেরেশতে’। এতে অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, ফারুক সুমনসহ আরো অনেকে। উৎসব চলাকালে দেশী-বিদেশী চলচ্চিত্র প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে। এসব মিলনায়তনের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) দশমবারের মতো দুই দিনব্যাপী ‘সিনেমায় নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ ও ২২ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সহযোগিতায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২১ জানুয়ারি সিনেমায় নারী শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন ভারত উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া তরুণ নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করতে এবারই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের দিনব্যাপী মাস্টার ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত, ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি ও চীনের চলচ্চিত্র শিক্ষক শি চুয়ান মাস্টার ক্লাস নেবেন। দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থীরা এ ক্লাসে অংশ নিতে পারবেন।