প্রথমবারের মতো ওয়েব ফিল্মে নায়ক হলেন আদর আজাদ, বিপরীতে আছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়া। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ‘এখানে নোঙ্গর’নামের ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি।

নির্মাতা বলেন, গল্পটি মূলত নদী, মালবাহী জাহাজ এবং এর সঙ্গে যুক্ত কিছু চরিত্র নিয়ে। চেনাজানা গল্প থেকে বেরিয়ে একদম গ্রাম বাংলার দর্শকদের জন্য এটি নির্মাণ করেছি।

গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ‘এখানে নোঙ্গর’-এর শুটিং হয়। আগামীকাল রোববার (২২ জানুয়ারি) বাকি অংশের শুটিংয়ের জন্য টিম যাচ্ছে বরিশালে। শুটিং শেষ হবে ২৫ জানুয়ারি।

এতে সারেং আলতামাস চরিত্রে দেখা যাবে আদর আজাদকে।

তিনি বলেন, গল্পটি দারুণ। গতানুগতিক গল্প নয়। আলতামাস বছরে চারবার তার বালুর জাহাজ কাউখালিতে নোঙর করে। এই নোঙর ঘিরেই এগিয়ে যায় গল্প। এটা মূলত রোমান্টিক এবং ট্রাজেডি জনরার গল্প।

স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙ্গর’র গল্প এ সময়ের অন্যান্য সিনেমা থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনি দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।

অন্যান্য চরিত্রে আরও আছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইকবাল, হানিফ পালোয়ান প্রমুখ।