মাইলি সাইরাসও আফসোস করেন। করতে হয়। সম্প্রতি তিনি জানালেন, গ্র্যামিতে তাকে গুরুত্ব দেয়া হয়নি। কেবল ‘ফ্লাওয়ারস’ জনপ্রিয় হওয়ার পরই তিনি মনোযোগ পেয়েছেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন ডব্লিউ ম্যাগাজিনকে। এ কথোপকথনে মাইলি প্রথম গ্র্যামি পাওয়া নিয়ে কথা বলেন। প্রায় দুই দশক ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও তিনি খুব একটা মনোযোগ পাননি গায়িকা হিসেবে। গ্র্যামি জয় করেছেন এতদিন পর। এ নিয়েই নিজের মনোভাব প্রকাশ করেছেন মাইলি।
কথোপকথনে তিনি বলেন, ‘তেমন কোনো বিষয় নয়, তবে বলতে চাই আমি ২০ বছর ধরে গানের সঙ্গে যুক্ত। কিন্তু আমাকে কি গ্র্যামিতে কখনো গুরুত্ব দেয়া হয়েছে?’ প্রশ্ন করেই মাইলি নিজের সংগ্রামের কথা জানান। তিনি দীর্ঘ সময় বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন। মাইলি বলেন, ‘আমি অনেকদিন ধরে চিন্তা করেছি, ওখানে পৌঁছতে হলে আসলে কী করতে হয়? কারণ তারকা ও তাদের অর্জন নিয়ে যখন আলাপ হয়, আমাকে ভাবতে হতো আমি কোথায় আছি। কোন অবস্থানে আছি। পুরস্কার বা অর্জন দিয়েই তো তাকে বিবেচনা করা হয়। সেখানে আমার জায়গাটা কোথায় ছিল?’
সাইরাস তার পুরো ক্যারিয়ারে ১০টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন। এর মধ্যে ২০২৩ সালে এসেছে ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’। কিন্তু তিনি মনোযোগ পেয়েছেন তার সিঙ্গেল ফ্লাওয়ারস দিয়ে। এছাড়া গ্র্যামিতে তিনি মাত্র দুবারই মনোনীত হয়েছেন। ২০১৫ সালে ‘ব্যাংগারজ’ ও ২০২২ সালে ‘মন্টোরো’ দিয়ে। ফলে জনপ্রিয় হওয়ার পরও প্রধান একটি পুরস্কারের জন্য বিবেচিত না হওয়া তার মনে নানা প্রশ্ন জাগায়।
পারফর্ম করা দিয়েও মাইলির মধ্যে বেশকিছু দুশ্চিন্তা ছিল। তিনি আগে নার্ভাস বোধ করতেন না। এ নিয়ে বলেন, ‘আমি সবসময় পারফরম্যান্স নিয়ে ভীত হতাম না। এখন হই। লক ডাউনের মধ্যে বিষয়টা ঘটেছে।’ তবে এসব থেকে বের হয়ে এসেছেন মাইলি। তিনি এখন নিজের মতো করে মানিয়ে নিতে শিখেছেন।
সূত্র: ভ্যারাইটি










