প্রতি বছরের মতো এবারো ঈদের বিশেষ আয়োজন থাকছে ওটিটিতে। কয়েক বছর ধরেই ওটিটি বেশ জনপ্রিয়। ফলে দর্শকের কথা মাথায় রেখে তারা আনছে নতুন নানা কনটেন্ট। এর মধ্যে আছে নাটক, সিনেমা, সিরিজ, এমনকি ডাবিং করা বিদেশী সিরিজও। ওটিটির দৌড়ে এগিয়ে থাকছে চরকি, বঙ্গ, বিঞ্জ। দেশীয় ওটিটির পাশাপাশি ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইও আনছে কনটেন্ট। সিরিজ ও সিনেমা মিলিয়ে জমজমাট আয়োজনই হচ্ছে ওটিটিতে।
শুরু করা যায় চরকির কনটেন্ট দিয়েই। এ ঈদে তারা মুক্তি দিচ্ছে একটি অরিজিনাল সিনেমা। মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের অংশ হিসেবে আসছে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জেফার রহমান।
কোন ভাবনা থেকে সিনেমাটি নির্মাণ করেছেন প্রশ্নে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পর মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এ রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’
সিনেমাটির আরো বেশকিছু বিষয় নিয়ে দর্শক আগ্রহী হতে পারে। প্রথমত, এ সিনেমার অনেকটা অংশ শুট হয়েছে মেট্রোরেল ও মেট্রো স্টেশনে। এছাড়া মনোগামীতে অভিষেক হচ্ছে চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধর।
ওটিটি হিসেবে দীপ্ত প্লে নতুন। তবে এরই মধ্যে তারা নিয়ে এসেছে নতুন কিছু কাজ। তাদের কনটেন্টগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে। গত বছরের ‘নিকষ’ ভালো ভিউ পেয়েছিল। এ বছর ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন অনিমেষ আইচ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে নির্মিত তার ফিল্মের নাম ‘মায়া’।
১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এ ওয়েব ফিল্মে দেখা যাবে, মানবেন্দ্র নামের এক গরিব ব্রাহ্মণ সন্তান জীবিকার অন্বেষণে একটি গ্রামে আসে। সেখানে পরাশর বাবুর পুরনো এক বাড়ি পাহারা দেয়ার চাকরি পায়। গ্রামবাসীর শত বাধা সত্ত্বেও সে এ অভিশপ্ত বাড়িতে অবস্থান করে। এরপর সে বাড়িতে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। মানবেন্দ্র এক অশরীরী আত্মা চিনুর প্রেমে পড়ে। কী এক মায়ায় যেন আটকে যায়, কোনোভাবেই সে আর ওই বাড়ি থেকে বের হতে পারে না। মানবেন্দ্র বাড়িটি থেকে বেরিয়ে আসতে পারবে নাকি আটকে যাবে আরো গভীর কোনো মায়ায়, তা নিয়েই ফিল্মটি সাজিয়েছেন নির্মাতা। দীপ্ত প্লেতে ঈদের চতুর্থ দিন থেকে স্ট্রিম হবে এটি।
ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে আসছে সাত দিনব্যাপী ঈদ আয়োজন। বিশেষ এ আয়োজনে সবার প্রথমেই আসছে বাংলা ভাষায় ডাবিংকৃত জনপ্রিয় চাইনিজ ড্রামা সিরিজ ‘এলিয়েন গার্লফ্রেন্ড’-এর নতুন সিজন। এরপর আসছে জাজ মাল্টিমিডিয়ার গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘জ্বীন’। ১২ এপ্রিল আসছে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য ও জনপ্রিয় বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ফারহান কুরেশিখ্যাত অভিনেতা আর মাধবন অভিনীত অ্যাকশন থ্রিলার মুভি ‘সব্যসাচী’। সিনেমাটি সম্পূর্ণ বাংলা ভাষায় দেখা যাবে।
এরপর আসবে বই অবলম্বনে বঙ্গর নিয়মিত প্রজেক্ট ‘বঙ্গ বেজড অন বুকস’-এর নতুন নাটক ‘গর্ভ’। লেখক ফজলে খোদা রায়হানের ছোটগল্প অবলম্বনে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। নাটকটি ১৩ এপ্রিল বঙ্গ প্লাটফর্মে ফ্রিতে দেখা যাবে!
১৪ ও ১৬ এপ্রিল আসছে বিখ্যাত হলিউড সুপারহিরো মুভি সিরিজ ‘স্পাইডার ম্যান’-এর নতুন দুটি মুভি ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান ২’ ও ‘স্পাইডার ম্যান: হোমকামিং’ সম্পূর্ণ বাংলা ভাষায়। এছাড়া ১৫ এপ্রিল আসছে আরেকটি সাউথ ইন্ডিয়ান মুভি ‘দুই পুরুষ’।
সাত দিনব্যাপী এ আয়োজনের পাশাপাশি বঙ্গতে আরো থাকছে জনপ্রিয় কাজল আরেফিন অমির হোটেল রিল্যাক্স, অসময় ও দুঃখিত নিয়ে একটি বান্ডেল প্যাকেজ। আর নায়িকা পরীমণি অভিনীত সিনেমা পাফ ড্যাডি, বুকিং ও রক্ত নিয়ে আরেকটি বান্ডেল প্যাক।
ঈদ উপলক্ষে হইচইয়ে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ ‘রুমি’। এতে অন্ধ গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ভিকি জাহেদ নির্মাণ করেছেন সিরিজটি। এরই মধ্যে সিরিজের একটা ট্রেইলার প্রকাশ হয়েছে। চঞ্চলকে সেখানে দেখা গেছে অন্ধ গোয়েন্দার চরিত্রে। ভিকি জাহেদের কাজের ছাপ সেখানে স্পষ্ট। গোয়েন্দা কাহিনীর তুলনায় রহস্যই বেশি দেখা যাচ্ছে সিরিজটির ট্রেইলারে। সিরিজটি ১০ এপ্রিল থেকে স্ট্রিম হবে হইচইয়ে। আশা করা যায়, আরেকটি ধামাকা দিতে যাচ্ছেন ভিকি।
এসব আয়োজনের পাশাপাশি অন্য ওটিটিগুলোয়ও থাকছে বিশেষ আয়োজন। যেমন দীপ্ত প্লেতে থাকছে ‘রাত জাগা ফুল’।
বিঞ্জে আসছে সদরঘাটের ‘টাইগার’ সিরিজের নতুন সিজন। তবে এবার আর ‘সদরঘাটের টাইগার’ নাম থাকছে না। নাম হচ্ছে ‘টাইগার থ্রি’। এবারো সুমন আনোয়ারের পরিচালনায় টাইগার চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। সিরিজটির দুই সিজন দর্শকের পছন্দ হয়েছিল। ঈদের সঙ্গে মিলিয়ে পয়লা বৈশাখে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে টাইগার থ্রি। পাঁচ পর্বে সাজানো হয়েছে এবারের সিজন।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, থিয়েটার, টিভি চ্যানেলের পাশাপাশি ওটিটিতেও জমজমাট হতে যাচ্ছে ঈদ।










