অ্যানিমেটেড মিউজিক্যাল ফিল্ম 'কেপপ ডেমন হান্টার্স' নেটফ্লিক্সের চার্ট ভেঙে চূড়ায় উঠে এসেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বেশি দেখা মুভিতে পরিণত হয়েছে। খবর বিবিসি।

গত জুন মাসে মুক্তির পর থেকে মুভিটি এখন পর্যন্ত ২৩৬ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। এর মাধ্যমে এটি অ্যাকশন কমেডি 'রেড নোটিশ'-কে পেছনে ফেলে দখল করেছে শীর্ষস্থান।

শুধু মুভিই নয়, এর গানগুলোও বিশ্বজুড়ে ঝড় তুলেছে। স্পটিফাইয়ে এই ছবির গানগুলো সবচেয়ে বেশি স্ট্রিম হয়েছে। এমনকি, এর 'গোল্ডেন' নামের একটি গান এই মাসের শুরুতে বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠে আসে।

সনি পিকচার্স অ্যানিমেশন-এর প্রযোজনায় নির্মিত 'কেপপ ডেমন হান্টার্স'-এর গল্পটি কাল্পনিক কে-পপ গার্ল ব্যান্ড 'হান্টর/এক্স'-কে ঘিরে আবর্তিত। ব্যান্ডের তিন সদস্য তাদের অসাধারণ সঙ্গীত এবং যুদ্ধের দক্ষতা ব্যবহার করে মানবজাতিকে শয়তানদের হাত থেকে রক্ষা করে।

মুভির সাফল্য অনেকটাই মুখ থেকে মুখে ছড়িয়ে পড়েছে। দর্শকরা এর চোখ ধাঁধানো অ্যানিমেশন এবং কোরিয়ান ঐতিহ্য ও আধুনিক সংস্কৃতির চমৎকার উপস্থাপনার প্রশংসা করেছেন। তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর গানগুলো। সাউন্ডট্র্যাকে কাজ করেছেন এমন কয়েকজন প্রযোজক ও গীতিকার আছেন, যারা বিটিএস এবং টোয়াইসের মতো বিখ্যাত কে-পপ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন।

মুভির সহ-পরিচালক ম্যাজি ক্যাং বলেন, তারা চেয়েছিলেন গানগুলো কে-পপ ভক্তদের হৃদয়ে জায়গা করে নিক।

গানগুলোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নেটফ্লিক্স সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সিনেমা হলগুলোতে একটি 'সিং-অ্যালং' সংস্করণ প্রকাশ করে। এই পদক্ষেপের ফলে এটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে পায় প্রথম স্থান। এরপর থেকে ছবিটি সারা বিশ্বে তাদের প্ল্যাটফর্মে সিং-অ্যালং সংস্করণ প্রকাশ করেছে।

'গোল্ডেন' গানটি স্পটিফাইয়ের বৈশ্বিক চার্টে এখনো শীর্ষে। এই গানের পাশাপাশি মুভিতে হান্টর/এক্স-এর প্রধান প্রতিদ্বন্দ্বী 'সাজা বয়েজ' এর 'ইয়োর আইডল' গানটিও বিভিন্ন সময়ে মার্কিন স্পটিফাই চার্টের শীর্ষে ছিল। এই সিনেমার সাউন্ডট্র্যাক আরো ইতিহাস গড়েছে—একসঙ্গে চারটি গান বিলবোর্ড হট ১০০-এর টপ টেনে জায়গা করে নিয়েছে, যা আগে কখনো হয়নি।