ঈদুল ফিতরের উৎসবের আবহ চলছে। এর মাঝে ‘‌আইপিডিসি আমাদের গান’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হতে যাচ্ছে বহুল জনপ্রিয় একটি গানের নতুন পরিবেশনা। বরেণ্য সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার রচিত গানটি যৌথভাবে পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী মিফতাহ জামান এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি অভিনয়ের পাশাপাশি এরই  মধ্যে সংগীতজগতেও প্রশংসনীয় পদচারণা রেখেছেন।

আমাদের গানও এরই মধ্যে কয়েকটি সিজন করে ফেলেছে। তারা প্রশংসাও পেয়েছে বেশ। এবার আসছে আরেকটি নতুন সিজন। এর আগেও চঞ্চল চৌধুরী গেয়েছেন তাদের আয়োজনে। জনপ্রিয়তাও পেয়েছেন। নতুন গানটি নিয়েও সবাই আশাবাদ রাখছেন।

‌আইপিডিসি আমাদের গানের চলমান পঞ্চম সিজনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ারকে, যিনি এ দেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে এক অমর নাম। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গুণী সংগীতজ্ঞের সৃষ্ট ২০ হাজারেরও বেশি গানের আবেদন আজও বাংলাদেশের মানুষের কাছে বিরাজমান। সে গানগুলোকেই নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে আইপিডিসি আমাদের গানের পঞ্চম সিজনের আয়োজন।