ছোট পর্দার নিয়মিত জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একসঙ্গে শতাধিক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন এ দুই তারকা। নতুন খবর হলো, ফের একসঙ্গে দেখা যাবে তাদের। হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘হাউজ হাজব্যান্ড’ নাটকে দেখা যাবে। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন রাখি।
নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘নিলয় ভাই ও হিমি দুজনই আমার ভীষণ ভালো লাগার শিল্পী। তাদের দুজনকে নিয়ে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তাদের সঙ্গে আলোচনা করে কাজ করা যায়। যে কারণে কাজও অনেক ভালো হয়। হাউজ হাজব্যান্ড নাটকের শুটিংয়ের সময় তারা ভীষণ সহযোগিতা করেছেন।’
অন্যদিকে নাটকটি নিয়ে জানতে চাইলে নিলয় আলমগীর বলেন, ‘রাখি বেশ যত্ন নিয়ে কাজ করে। গল্প অনুযায়ী কাজটি ভালো করার চেষ্টা করে। যেহেতু তার নির্দেশনায় বেশকিছু নাটকে কাজ করেছি, তাই রাখি কী চায়, সেটা বুঝতে পেরেই ক্যামেরার সামনে দাঁড়াই। আরেকটা কথা না বললেই নয়, রাখির অভ্যাস পুরো স্ক্রিপ্ট মুখস্থ করা। যে কারণে টু দ্য পয়েন্টে রাখি কাজ করে। আর হিমির সঙ্গে কাজের বোঝাপড়াটা এক কথায় দারুণ। জুটি হিসেবে দর্শক আমাদের পছন্দ করেন, এ কারণে দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
চলতি বছরের সেপ্টেম্বরে নিলয় ও হিমি জানান, তারা শতাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তারা প্রথম জুটি বাঁধেন ‘বিয়ের পরীক্ষা’ নাটকের মধ্য দিয়ে। আবার নতুন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হিমি বলেন, ‘অভিনয় এখন আমার পেশা। অভিনয়জীবনের খুব চমৎকার একটি সময় পার করছি। এজন্য দর্শকের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞতা রয়েছে। হাউজ হাজব্যান্ড নাটকটির গল্প বেশ আবেগী। নিলয় ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপড়াটা এখন এককথায় শতভাগ ঠিকঠাক। আমি নাটকটি নিয়ে আশাবাদী।’ এ নাটকে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, পাপিয়া, আজম খান, মৌসহ আরো অনেকে।










