‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে দেশ-বিদেশে প্রশংসিত নারীজাগরণের মনোড্রামা ‘হেলেন কেলার’। আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও রমজানের কারণে একদিন আগে আয়োজনটি করছে দলটি।

প্রযোজনাটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে মঞ্চে থাকবেন জুয়েনা শবনম। প্রদর্শনীর আগে নিবেদিতপ্রাণ নাট্যজন শামীমা শওকত লাভলীকে প্রদান করা হবে ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬’। স্বপ্নদলের পক্ষে সম্মাননা তুলে দেবেন লাকী ইনাম, কামাল বায়েজীদ ও ত্রপা মজুমদার প্রমুখ নাট্যব্যক্তিত্ব।

২০১২ সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। এ পর্যন্ত সংবর্ধনা পেয়েছেন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবীশ, হৃদি হক, রুমা মোদকসহ আরো অনেকে।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হয়েও আত্মবিশ্বাস ও শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের প্রেরণায় সব প্রতিকূলতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো এক সংগ্রামী নারীর জীবনকাহিনী নিয়ে আবর্তিত ‘হেলেন কেলার’। প্রযোজনায় উঠে এসেছে বিশ্বখ্যাত নানা ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনসমৃদ্ধ হওয়ার প্রসঙ্গ, রবীন্দ্রদর্শনের প্রভাব, মানবতাবাদ ও নারীজাগরণের পক্ষে তার দৃঢ় অবস্থান এবং যুদ্ধ, সহিংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য। ব্যক্তিজীবনের পূর্ণতা ও অপূর্ণতার কথাও এতে স্থান পেয়েছে।

মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ এবং প্রযোজনা ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল। এ দিন প্রযোজনাটির ৬২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতে চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়ে নাটকটি প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার উৎসবেও একাধিকবার প্রদর্শনের মাধ্যমে এটি দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক পরিসরে গ্রহণযোগ্যতা পেয়েছে।